বর্ষায় বন্যা পরিস্থিতির সময়ে মৃতদেহ সৎকারে অসুবিধার কথা মাথায় রেখে বটতলা মহাশ্মশানের উপরের দিকে একটি শ্মশানঘাট নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে আগরতলা পৌরনিগম ।সংশ্লিষ্ট নির্মাণ কাজের জন্য ঠিকেদারী সংস্থাকে সাইট বুঝিয়ে দেওয়া হয়েছে । শিব মন্দির সংস্কারসহ মহাশ্মশানের সুন্দর্য্যায়নেও গুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে নিগম। এদিন মহাশ্মশান পরিদর্শন করে এই সংবাদ জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।
বর্ষাকালে হাওড়া নদীতে জল প্লাবন দেখা দিলে নদীর জল বটতলা মহাশ্মশানেও ঢুকে পড়ে ।এতে মহাশ্মশানের গ্যাসের চুল্লি বন্ধ হয়ে পড়ে ।মৃতদেহ সৎকার করতে আসা মানুষজনেরা চূড়ান্ত ভোগান্তির শিকার হন। সংশ্লিষ্ট বিষয়টি মাথায় রেখে বটতলা মহাশ্মশানের উপরিভাগে আরো একটি শ্মশানঘাট নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ। এই নির্মাণ কাজের জন্য টেন্ডার ডাকা হয়ে গেছে ।বুধবার ঠিকাদারি সংস্থাকে নির্মাণ কাজের সাইট বুঝিয়ে দেওয়া হয় ।এই উপলক্ষে এদিন বটতলা মহাশ্মশান পরিদর্শন করেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। সাথে ছিলেন স্থানীয় কর্পুরেটর জাহ্নবী দাস সহ নিগমের আধিকারিকরা। এদিন বটতলা মহাশ্মশান পরিদর্শনে গিয়ে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সংবাদ জানান। তিনি জানান ,দুই একদিনের মধ্যেই মহাশ্মশান নির্মাণের কাজ শুরু হয়ে যাবে।
এদিন মেয়র আরও জানান, বটতলা মহাশ্মশানকে সুন্দর করে সাজিয়ে তোলা হবে। সৎকার করতে আসা শ্মশান যাত্রীদের জন্য উপযুক্ত বসার স্থান নির্মাণ করা হবে। শ্মশান চত্বরে আলোকসজ্জা এবং দুটি ওয়াটার ফাউন্টেন স্থাপন করা হবে। মহাশ্মশানের বহু পুরনো শিব মন্দির টিকে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অক্ষত রেখে আরো উপরে তোলা হবে বলেও জানান মেয়র।