নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ধর্মনগর ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাহুল কিশোর রায়ের আত্মহত্যা মামলায় বড়সড় সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। রাহুল কিশোর রায়ের স্ত্রী অনন্যা ভট্টাচার্য দায়ের করা মামলায় সাতজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। সেই মামলায় অভিযুক্তদের মধ্যে একজন, কঙ্কন চৌধুরীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে ধর্মনগর থানার পুলিশ।ধর্মনগর থানার অফিসার ইনচার্জ মিনা দেববর্মা জানান, অভিযুক্তকে ধরতে ত্রিপুরার বিভিন্ন প্রান্তে তল্লাশি চালানো হয়।কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে পুলিশের কাছে একটি গোপন সূত্রে খবর আসে যে অভিযুক্ত কঙ্কন চৌধুরী নিজ বাড়িতে অবস্থান করছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ধর্মনগর থানার পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। অফিসার ইনচার্জ মিনা দেববর্মা আরও জানান, ধৃত অভিযুক্তকে আজ আদালতে তোলা হবে। পুরো ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং বাকি অভিযুক্তদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ।উল্লেখ্য, কিছুদিন আগে ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাহুল কিশোর রায়ের নিজ বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল পুরো ধর্মনগর মহকুমা জুড়ে। এরপরই তার স্ত্রী অনন্যা ভট্টাচার্য সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।পুলিশ সূত্রে জানা গিয়েছে বাকি অভিযুক্তদের খোঁজে ইতিমধ্যেই জোর তল্লাশি শুরু হয়েছে। এখন দেখার বিষয় কবে পুলিশের জালে ধরা পড়ে মামলার বাকি অভিযুক্তরা। এদিকে মামলার অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারে তৎপর হয়েছে পুলিশ।