৬ জেলায় মিলি বর্ষণের হলুদ সতর্কবার্তা,উজানের ভারী বর্ষণে বিপদসীমার উপরে  হাওড়া নদীর জল, চলছে উদ্ধার কাজ

Aug 23, 2026

৬ জেলায় মিলি বর্ষণের হলুদ সতর্কবার্তা,উজানের ভারী বর্ষণে বিপদসীমার উপরে হাওড়া নদীর জল, চলছে উদ্ধার কাজ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  স্থানীয়ভাবে সৃষ্ট একটি লঘুচাপের প্রভাবে শনিবার সন্ধ্যা থেকে রাতভর পশ্চিম জেলার বিভিন্ন স্থানে ধারী বর্ষণ হয়। উজান এলাকায় ভারী বর্ষণের ফলে হাওড়া নদীতে প্লাবন দেখা দেয়। রবিবার সাত সকাল থেকেই নদীর জলস্তর ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। এতে হাওড়া নদী সংলগ্ন নিম্নাঞ্চলের জনগণরা জলবন্দী হয়ে পড়েন ।খবর পেয়েই যুদ্ধকালীন তৎপরতা চালায় প্রশাসন। জিরানিয়া মহকুমা প্রশাসন মান্দাই এবং রানীরবাজার এলাকার জলবন্দি জনগণকে উদ্ধারকাজ শুরু করে। এদিন সকাল থেকে জল বাড়তে থাকে পুরাতন আগরতলা ,বলদা খাল, শ্রীলঙ্কা বস্তি সহ সংশ্লিষ্ট নিম্নাঞ্চলগুলিতেও। বলদাখাল এলাকায় মহকুমা প্রশাসনের উদ্যোগে উদ্ধার কাজ শুরু করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলের ছুটে আসেন জিরানিয়া মহকুমা শাসক অনিমেষ ধর ও এলাকার বিধায়ক রতন চক্রবর্তী। এদিন জিরানিয়া মহকুমা শাসক অনিমেষ ধর জানান ,মান্দাই ,ওল্ড আগরতলা ,চন্দ্রপুর এবং রানীরবাজার এলাকায় চারটি শেল্টার হাউস স্থাপন করা হয়েছে। পাশাপাশি বলদাখাল এলাকায় সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে তিনটি সেল্টার হাউস খোলা হয়েছে। শেল্টার হাউস গুলোতে উদ্ধারকৃত মানুষজনদের জন্য পানীয় জল এবং খাবারের ব্যবস্থা করা হয়েছে। তিনি আরো জানান ,রবিবার সকাল দশটা পর্যন্ত হাওড়া নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১০.৮৬ সেন্টিমিটার। নদীর জল যতক্ষণ পর্যন্ত বিপদসীমার উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত উদ্ধার কাজ চলবে। তিনি জানান ,উদ্ধারকাজে প্রশাসনের সাথে রয়েছে টিএসআর দশম এবং দ্বিতীয় ব্যাটেলিয়ন,এসডিআরফ, সিভিল ডিফেন্স এবং স্কাউটস এন্ড গাইডস এর স্বেচ্ছাসেবকরা। তিনি আরো জানান ,পাঁচটি বোটের মাধ্যমে উদ্ধার কাজ চলছে। আরো একটি বোট স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে।এদিন ওল্ড আগরতলা, বলদাখাল, মরিয়ম নগর, বৃদ্ধি নগর প্রভৃতি জলবন্দি এলাকাগুলি নৌকা করে পরিদর্শন করেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী। তিনি জানান, পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের দুর্যোগ মোকাবেলা দপ্তরের কর্মকর্তারা রয়েছেন। আমরাও প্রস্তুত রয়েছি। বলদাখাল এলাকাটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বলে জানান তিনি ।এছাড়া মরিয়ম নগর ,কালিনগর বৃদ্ধি নগর প্রভৃতি এলাকা বন্যার জলে প্লাবিত হয়েছে বলে জানান বিধায়ক ।তিনি জানান ,দেবতা ছড়ার জল উল্টোদিকে বয়ে চলছে। এদিকে বিমানবন্দর সংলগ্ন আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে ,আগামী বুধবার পর্যন্ত উত্তর ত্রিপুরা, ঊনকোটি ,ধলাই, খোয়াই ,পশ্চিম ত্রিপুরা এবং গোমতী জেলায় ভারি বর্ষণের হলুদ সতর্কবার্তা রয়েছে। রয়েছে বজ্র বিদ্যুতের সম্ভাবনাও।

বিভাগ