নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে আয়োজিত জেনারেল পদ্মজং মেমোরিয়াল ইনভাইটেশনাল ফুটবল টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে দাপুটে জয় পেল ত্রিপুরা পুলিশ। আসাম পুলিশকে ৩–০ গোলের বড় ব্যবধানে হারিয়ে মাঠ ছাড়ে ত্রিপুরা পুলিশ। সাদা জার্সি পরিহিত ত্রিপুরা পুলিশ শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের কৌশল বেছে নেয়। অন্যদিকে লাল জার্সি পরিহিত আসাম পুলিশ ম্যাচের ৬ষ্ঠ মিনিটেই একটি ফ্রি-কিক থেকে গোলের সুযোগ পেলেও ত্রিপুরা পুলিশের জমাট রক্ষণভাগের সামনে তা ব্যর্থ হয়। ম্যাচের ১৪ মিনিটে প্রথম সাফল্য পায় ত্রিপুরা পুলিশ। ১৬ নম্বর জার্সিধারী বিলাস দেববর্মার দর্শনীয় গোল দলকে ১–০ ব্যবধানে এগিয়ে দেয়।খেলার নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে ২৬ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন ২৩ নম্বর জার্সিধারী কেলভিন ডার্লং। ২–০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ত্রিপুরা পুলিশ। বিরতির পর ফিরে এসেও আক্রমণের ধার কমায়নি ত্রিপুরা পুলিশ। ৫৪ মিনিটে বাঁ-প্রান্ত থেকে অসাধারণ এক শটে দলের হয়ে তৃতীয় গোলটি নিশ্চিত করেন ১৪ নম্বর জার্সিধারী নুুনরোয়া ডার্লং। খেলার শেষ মুহূর্তে আরও একটি সুযোগ তৈরি হলেও সামান্য ভুলে ব্যবধান ৪–০ হতে পারেনি। শেষ পর্যন্ত ৩–০ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ত্রিপুরা পুলিশ।