নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ টালিউড সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী দ্বিতীয়বারের মতো ফের বলিউডে অভিনয় করছেন। সাইফ আলি খানের আসন্ন ‘হাম হিন্দুস্তানি’ সিনেমায় দেখা যাবে তাকে।মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ছবিটির ফার্স্ট লুক টিজার প্রকাশিত হয়েছে। এটি পরিচালনা করেছেন রাহুল ঢোলাকিয়া। ১ মিনিট ৩৭ সেকেন্ড দৈর্ঘ্যের প্রকাশিত টিজারটিতে মিমিকেও দেখা গেছে। সিনেমায় ভারতের প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেনের ভূমিকায় অভিনয় করছেন সাইফ আলি খান। ভিডিওতে দেখা যায়, সাইফ আলি খানের বক্তব্য শুনে হাততালি দিচ্ছেন মিমি। সেই দৃশ্যে অভিনেত্রীর পরনে আটপৌড়ে শাড়ি, গায়ে জড়ানো শাল। টিজার থেকে ধারণা করা হচ্ছে, গতানুগতিকের বাইরে গিয়ে এবার ভিন্ন এক মিমিকে দেখতে পাবে ভক্ত-অনুরাগীরা।ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ভারতের প্রথম জাতীয় নির্বাচনের পটভূমি নিয়ে ‘হাম হিন্দুস্তানি’ সিনেমার কাহিনি গড়ে উঠেছে। এই নির্বাচন আয়োজনের দায়িত্বে থাকা একদল সরকারি কর্মকর্তার গল্প এতে তুলে ধরা হবে। ঔপনিবেশিক শাসনের রেশ, দেশভাগ এবং ব্যাপক সামাজিক অস্থিরতার উত্তাল প্রেক্ষাপটে একদল সরকারি কর্মকর্তার দৃঢ়তা, সহনশীলতা ও অদম্য সংকল্পের চিত্র সিনেমাটিতে তুলে ধরা হবে। গত বছরেই ছবিটির শুটিং শুরুর কথা থাকলেও সে সময়ে সাইফ আলি খানের উপর হামলা হওয়ায় সেটি আর শুরু করা সম্ভব হয়নি। এটি মিমির দ্বিতীয় হিন্দি ছবি হতে যাচ্ছে। এর আগে তারই অভিনীত ‘পোস্ত’ সিনেমার হিন্দি রিমেকে অভিনয় করে বলিউডে অভিষেক করেন মিমি। ২০২৬ সালে সাইফ-মিমির ‘হাম হিন্দুস্তানি’ ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তির কথা রয়েছে।