নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ দীর্ঘ দশ বছর পর ফের ফুটবলের উন্মাদনায় মেতে উঠল কৈলাশহর কলেজ মাঠ। ‘জেনারেল পদ্মজং মেমোরিয়াল ইনভাইটেশনাল ফুটবল টুর্নামেন্ট’-কে ঘিরে দর্শকদের উপচে পড়া ভিড় আর গ্যালারির উচ্ছ্বাসে আবার প্রাণ ফিরে পেয়েছে ক্রীড়াঙ্গন।টুর্নামেন্টের সপ্তম দিনের হাইভোল্টেজ ম্যাচে মিজোরামের কলেজ ভেং ১–০ গোলে পরাজিত করে কলকাতার শক্তিশালী আরিয়েক্স একাডেমিকে। রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে ম্যাচের ভাগ্য বদলে দেন কলেজ ভেংয়ের ৮ নম্বর জার্সিধারী ফুটবলার রোয়া। অফসাইড বিতর্ক সত্ত্বেও রেফারির সিদ্ধান্তে গোলটি বৈধ ঘোষিত হয়। ম্যাচের একমাত্র গোলদাতা রোয়া ‘ম্যান অফ দ্য ম্যাচ’ নির্বাচিত হন। ম্যাচ পরিচালনা করেন রেফারি বিপ্লব সিং।আগামী ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল, যেখানে মুখোমুখি হবে মণিপুরের ট্রাউ (TRAU) ও জম্পুই জলা এফসি।খেলায় উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিংকু রায়সহ বিশিষ্ট অতিথিরা। খেলা শেষে বিজয়ী খেলোয়াড়দের হাতে স্মারক ও পুরস্কার তুলে দেন তাঁরা।সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী টিংকু রায় জানান,“দীর্ঘ ১০ বছর পর এই টুর্নামেন্ট আবার শুরু করতে পেরে আমরা গর্বিত। সাধারণ মানুষের সহযোগিতায় দেশজুড়ে নামী দল অংশ নিচ্ছে। ১৭ ফেব্রুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে।” তিনি আরও জানান, আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ত্রিপুরায় প্রথমবারের মতো রাজ্য ক্রীড়া প্রতিযোগিতা ‘স্টেট গেমস’ আয়োজন করা হবে। পাশাপাশি কৈলাশহর কলেজ মাঠকে আধুনিকীকরণের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী—যেখানে ভবিষ্যতে সিন্থেটিক ট্র্যাক, আন্তর্জাতিক মানের ফুটবল মাঠ ও ইনডোর স্পোর্টস সুবিধা গড়ে তোলা হবে।
মন্ত্রী বলেন,“খেলাধুলার মাধ্যমেই যুব সমাজকে নেশামুক্ত ও মাঠমুখী করা আমাদের লক্ষ্য।” আগামী ১৭ ফেব্রুয়ারির ফাইনালের মধ্য দিয়েই এই ফুটবল উৎসবের সমাপ্তি ঘটবে।