টাইব্রেকারে জাম্পুইজলাকে হারিয়ে সেমিফাইনালে মনিপুরের TRAU, মুখোমুখি হবে ত্রিপুরা পুলিশের সাথে।

Feb 10, 2026

টাইব্রেকারে জাম্পুইজলাকে হারিয়ে সেমিফাইনালে মনিপুরের TRAU, মুখোমুখি হবে ত্রিপুরা পুলিশের সাথে।

   নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   জেনারেল পদ্মজং মেমোরিয়াল আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের অষ্টম দিনের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে রোমাঞ্চকর লড়াইয়ের সাক্ষী থাকল ফুটবলপ্রেমিরা। রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আজকের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে  মনিপুরের TRAU টাইব্রেকারে জাম্পুইজলা এফসিকে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নিল।
বিকেল ৩টা ১০ মিনিটে শুরু হওয়া এই হাই ভোল্টেজ ম্যাচে টস জিতে জাম্পুইজলা এফসি দক্ষিণ প্রান্ত থেকে খেলা শুরু করে। ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। প্রথমার্ধে জাম্পুইজলা একটি নিশ্চিত সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয়, তাদের শক্তিশালী শট ক্রসবারে লেগে ফিরে আসে। একের পর এক আক্রমণ হলেও প্রথমার্ধের ৩৫ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি।
দ্বিতীয়ার্ধেও একই চিত্র দেখা যায়। দ্রুতগতির খেলা, চাপ ও টানটান উত্তেজনার মধ্যেও গোলের খাতা খুলতে পারেনি কোনো দল। নির্ধারিত সময় শেষে স্কোরলাইন ছিল গোলশূন্য। অতিরিক্ত সময়ের দুই পর্বেও ফলাফল না বদলানোয় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে ঠাণ্ডা মাথার পরিচয় দেয় মনিপুরের TRAU। তারা পাঁচটি শটেই গোল করতে সক্ষম হয়, অন্যদিকে জাম্পুইজলা এফসি চারটি গোল করে। ফলে ৫-৪ ব্যবধানে জয় নিশ্চিত করে TRAU।
ম্যাচে একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে দলের জয়ে বড় ভূমিকা নেন TRAU-এর গোলরক্ষক স্বপন। তাঁর অনবদ্য পারফরম্যান্সের জন্য তাঁকে ‘ম্যান অব দ্য ম্যাচ’ হিসেবে নির্বাচিত করা হয়।
এই জয়ের সুবাদে সেমিফাইনালে মনিপুরের TRAU মুখোমুখি হবে ত্রিপুরা পুলিশের। অন্যদিকে আগামী কাল নিউ টাউন কলকাতা ও মনিপুরের নেরোকা এফসির মধ্যকার হতে যাওয়া লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে।

বিভাগ