নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ দেশজুড়ে আগামী ১২ই ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী শ্রমিক ও কৃষক সংগঠন। জাতীয় ট্রেড ইউনিয়ন সমূহের যৌথ মঞ্চ এবং সংযুক্ত কিষান মোর্চার ডাকে এই ধর্মঘটকে সফল করতে বেশ তৎপরতায় রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে মিছিল ও সভা। সেই ধারাবাহিকতায় ত্রিপুরার ঊনকোটি জেলার কুমারঘাটেও ধর্মঘটের সমর্থনে মিছিল ও সভার আয়োজন করল বিরোধী বামেদের শ্রমিক সংগঠন ও কৃষক সভা।
শ্রমকোড বাতিলের দাবি সহ বিজেপি সরকারের শ্রমজীবী ও কৃষক স্বার্থবিরোধী নীতির প্রতিবাদে হয় এই কর্মসূচি।
কুমারঘাটে শ্রমিক সংগঠন ও কৃষক সভার মহকুমা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় মিছিল ও সভা।
কুমারঘাটের সিপিআইএম দলীয় অফিসের সামনে থেকে সংগঠনের ঝান্ডা কাঁধে নিয়ে শুরু হয় মিছিল। দলীয় নেতাকর্মী সমর্থকদের মুহুর্মুহ গর্জমান স্লোগানে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে মিছিল পৌঁছয় ভগৎ সিং চৌমুহনীতে। যেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা।
সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম কুমারঘাট মহকুমা সম্পাদক সমীরন মালাকার, কৃষক সভার মহকুমা সম্পাদক প্রসেনজিৎ সিনহা, সিআইটিইউ মহকুমা সম্পাদক সমর রায় সহ অন্যান্য নেতৃত্ব।
বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান শ্রমিক সংগঠনের নেতৃত্বরা।
শ্রমকোডের বিরোধিতা, রেগার নাম পরিবর্তন ও শ্রমিক-কৃষক বিরোধী নীতির সমালোচনা করেন শ্রমিক নেতা সমর রায়।
তার বক্তব্যে উঠে আসে শ্রমকোডের বিরোধিতা, রেগার নাম পরিবর্তন এবং শ্রমিক-কৃষকদের অধিকার খর্ব করার অভিযোগ। তাঁর দাবি, বিজেপি সরকার কর্পোরেট স্বার্থ রক্ষায় শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার কেড়ে নিচ্ছে।