নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে দারুণ লড়াই করে ক্রিকেটপ্রেমীদের নজর কাড়ে নেপাল। অল্প ব্যবধানে হেরে গেলেও তাদের সাহসী ও আত্মবিশ্বাসী পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা পেসার ডেল স্টেইন। এমনকি ভবিষ্যতে নেপাল দলকে সহায়তা করার আগ্রহও প্রকাশ করেছেন তিনি।রোববার (৮ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ইংল্যান্ডের কাছে মাত্র ৪ রানে পরাজিত হয় নেপাল। তবে ফলাফল যাই হোক, পুরো ম্যাচজুড়েই আক্রমণাত্মক ক্রিকেট খেলে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয় দলটি।নেপালের এই লড়াকু মানসিকতায় অভিভূত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) স্টেইন লেখেন, ‘নেপাল, তোমাদের কখনো আমার প্রয়োজন হলে আমি পাশে আছি। এগিয়ে চলো, আরও এগিয়ে চলো।’ ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ সূচনা করে নেপাল। ওপেনার কুশল ভুর্তেল ও উইকেটকিপার আসিফ শেখ প্রথম উইকেটে যোগ করেন ৩৭ রান। এরপর এই দুই ব্যাটারের বিদায়ে কিছুটা চাপ তৈরি হলেও অধিনায়ক রোহিত পডেল ৩৯ রানের ইনিংস খেলে দলকে লড়াইয়ে রাখেন।শেষ দিকে লোকেশ বামের ঝোড়ো ব্যাটিং নেপালের জয়ের আশা জাগায়। তিনি ২০ বলে ৩৯ রান করেন, যেখানে ছিল চারটি চার ও দুটি ছক্কা। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১০ রান, তবে স্যাম কারানের আঁটসাঁট বোলিংয়ে নেপাল থেমে যায় মাত্র ৫ রানে।জয় না পেলেও ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে এমন লড়াই প্রমাণ করে দিয়েছে, নেপাল এই বিশ্বকাপে শুধু অংশগ্রহণকারী নয়—চমক দেওয়ার ক্ষমতাও তাদের রয়েছে। ডেল স্টেইনের প্রশংসাই তার বড় প্রমাণ।