নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ ৪১ বছর বয়সে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন। ৩৮ বছর বয়সী এই সাবেক নাম্বার ওয়ান খেলোয়াড় বর্তমানে ক্যারিয়ারের শেষদিকে পৌঁছেছেন এবং সাম্প্রতিক সময়ে ফিটনেসজনিত সমস্যার সম্মুখীন হচ্ছেন। তবে ২০২৪ প্যারিস অলিম্পিকে স্বর্ণপদক জেতার পরও তিনি জানিয়ে দিয়েছেন, ২০২৮ সালে অলিম্পিকে নিজের দেশের প্রতিনিধিত্ব করতে চান।২০২৮ সালের ১৪ জুলাই অলিম্পিক শুরু হলে জোকোভিচের বয়স হবে ৪১ বছর। তবুও তিনি বলেছেন, এখনও তার লক্ষ্য হলো অলিম্পিক শিরোপা ধরে রাখা। একটি টেলিভিশন চ্যানেলে তিনি বলেন, ‘হ্যাঁ, এটি অনেক দূরের ব্যাপার, কিন্তু আমার জীবনের এই পর্যায়ে এটি এক বড় লক্ষ্য। তবে আমি সেখানে পৌঁছানোর প্রত্যাশা রাখি।’ অস্ট্রেলিয়ান ওপেনে সদ্য সমাপ্ত সেমিফাইনালে বিশ্বের সাবেক এক নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনারকে পরাজিত করলেও ফাইনালে বর্তমান এক নম্বর খেলোয়াড় কার্লোস আলকারাজের কাছে হেরে যান। এই হারের পর জোকোভিচ বলেন, ২০২৮ অলিম্পিকের জন্য প্রস্তুতি নিতে তিনি নিজের ম্যাচসূচি কমিয়ে আনতে পারেন। তিনি বলেন, ‘আগামীকাল কী হবে তা ঈশ্বরই জানেন, ছয় বা বারো মাস পরের বিষয় তো বাদই দিলাম। এটা একটি দারুণ যাত্রা ছিল। আমি তোমাদের সবাইকে ভালোবাসি।’তিনি আরও যোগ করেন, ‘আমি এখনো নিশ্চিত না, তবে আমি ২০২৮ অলিম্পিক পর্যন্ত খেলতে চাই। এর মানে হতে পারে বছরে কয়েকটি টুর্নামেন্ট খেলব, বা হয়তো ১০-১৫টা, কিংবা কিছুই না। আমি এখনই এ নিয়ে সিদ্ধান্ত নিতে চাই না। এখন আমার একমাত্র ইচ্ছা হলো পরিবারের সঙ্গে সময় কাটানো, তারপর দেখা যাবে।’