নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ “নেশা নয়, খেলাধূলা ও পড়াশোনাই যুবকদের চলার পথ”—এই অঙ্গীকারবদ্ধ স্লোগানকে হৃদয়ে ধারণ করে জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশন-এর উদ্যোগে কমলপুর মহকুমার ছোট সুরমা স্কুল মাঠে আজ হয় ক্রিকেট টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা। গত ২৭ জানুয়ারি থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি সুস্মিতা দাস। এছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলী আশরাফ মিয়া (জালাল মিয়া), সমাজসেবী বাবুরাম সাতনামী, যদুলাল দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকের ফাইনাল খেলায় মুখোমুখি হয় থলবাড়ি ১১ স্টার ও দুর্গাচৌমোহনি ওয়ারিয়র্স। টানটান উত্তেজনায় ভরা ম্যাচে থলবাড়ি ১১ স্টার ২৮ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয়।