নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ উনকোটি জেলার কুমারঘাটের প্রাণকেন্দ্র নেতাজি চৌমুহনীতে ভয়ঙ্কর ঘটনা। দোকান ও কয়েকটি বাইকের উপর হামলে পড়লো পেট্রোল টেঙ্কার গাড়ী। ভাঙলো একাধিক দাঁড়িয়ে থাকা বাইক সহ দুটি দোকানের সামনের বেশ কিছু অংশ। তবে ঘটনায় হতাহতের খবর নেই। গাড়ী চালককে আটক করেছে পুলিশ।
ঊনকোটি জেলার কুমারঘাটের ব্যস্ততম এলাকা নেতাজি চৌমুহনীতে আসাম আগরতলা জাতীয় সড়কে ভয়ংকর দুর্ঘটনা ঘটালো TR-01-AA-1693 নম্বরের একটি বেপরোয়া পেট্রোল টেঙ্কার গাড়ি। রাস্তার পাশে থাকা দোকান ও বাইকের উপর দিয়ে চললো দ্রুতগতিতে আসা পেট্রোল টেঙ্কার। গাড়ির নিচে চাপা পড়লো রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি বাইক। ভাঙলো দুটি দোকানের সামনের বেশ কিছু অংশ। এই ঘটনায় মুহূর্তেই আতঙ্ক ছড়ায় এলাকায়।
এবিষয়ে নেতাজি চৌমুহনির ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দেবার্ঘ্য দাস জানান, নিজের দোকানে বসে ব্যবসা করছিলেন তিনি। হঠাৎই আগরতলার দিক থেকে ধর্মনগরের দিকে যাওয়া একটি ট্যাংকার গাড়ি দ্রুতগতিতে মোড় নিতে গিয়ে উঠে পড়ে দোকানের সমনে। এতে ক্ষতিগ্রস্ত হয় তার দোকানের সামনের বেশ কিছু অংশ। নষ্ট হয় দোকানের সামনে থাকা মালপত্র। গাড়ির নিচে চাপা পড়ে রাস্তার পাশে থাকা তিনটি বাইক। যদিও সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় আহত হননি কেউ। তবে ব্যস্ততম এই জায়গায় সব সময় ভিড় থাকে মানুষের। এই দুর্ঘটনায় প্রাণহানিও ঘটতে পারতো অনেকের। যাথেকে কার্যত দৈবক্রমেই রক্ষা পেলেন মানুষ। এই ঘটনায় দোকানের আনুমানিক পঞ্চাশ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানালেন দোকান মালিক দেবার্ঘ্য দাস।