নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ প্রেম-বন্ধুত্ব ও সম্পর্কের এক অসাধারণ বুনোটে নির্মিত নয়ের দশকের সিনেমা 'কুছ কুছ হোতা হ্যায়', যা আজও সমানভাবে প্রাসঙ্গিক। এ সিনেমার হাত ধরেই বলিউডে পরিচালক হিসেবে জার্নি শুরু করেন করণ জোহর। তার পরিচালনায় প্রথম সিনেমা যে আমেজ তৈরি করেছিল, তা সবার মনে তা আজও অক্ষুণ্ণ।রাহুল-অঞ্জলি আর টিনার সম্পর্কের টানাপোড়েন, ওঠাপড়া, বন্ধুত্ব, প্রেম-অপ্রেম— সব মিলিয়ে এ সিনেমা যেন এক অন্য আবেগ তৈরি করে। আর এই তিন চরিত্রে বলিউড বাদশাহ শাহরুখ খান, জনপ্রিয় অভিনেত্রী কাজল ও রানি মুখার্জিকে যেভাবে ভালোবাসায় ভরিয়েছিলেন দর্শক, তা আজও একই রয়েছে।কিন্তু আপনি কি জানেন রানি মুখার্জি অভিনীত 'টিনা' চরিত্রে তার বদলে অভিনয় করার কথা ছিল বলিউডের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের? রানির বদলে তার কাছেই প্রথম গিয়েছিল এ প্রস্তাব। কিন্তু তা ফিরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু কেন? অভিনয়ের জার্নি শুরুর আগে মডেলিংয়ের দুনিয়ায় নিজের পায়ের তলার জমি শক্ত করেছিলেন রাভিনা ট্যান্ডন। নজরে এসেছিলেন পরিচালক-ফটোগ্রাফার শান্তনু শোরের। এর পরেই বদলে গিয়েছিল ভাগ্যের চাকা। ‘পাত্থর কে ফুল’ সিনেমার হাত ধরে অভিষেক হয় অভিনয়ে অভিনেত্রীর। ২০০১ সালে 'দামন: আ ভিকটিম অব ম্যারিটাল ভায়োলেন্স' সিনেমার জন্য জাতীয় পুরস্কার পান তিনি। পরে তার মেয়ে রাশাও পা রেখেছেন অভিনয় জগতে।সম্প্রিত এক সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খোলেন রাভিনা ট্যান্ডন। কেন করণ জোহর পরিচালিত প্রথম সিনেমার প্রস্তাব ফিরিয়েছিলেন তিনি। অভিনেত্রী বলেন, করণ আজও আমাকে অভিযোগের সুরে বলে— আমি ওর প্রথম পরিচালিত সিনেমাতে কেন অভিনয় করিনি। কিন্তু আমি ওকে এটাই বলি— আসলে আমি ওই সময়ে আমার ক্যারিয়ারের যে জায়গায় ছিলাম, সেখানে দাঁড়িয়ে আমার পক্ষে নতুন করে কিছু শুরু করা সম্ভব ছিল না। একটা সিনেমাতে নায়িকার চরিত্রের বদলে পার্শ্বচরিত্রে অভিনয় করা আমার পক্ষে সম্ভব ছিল না।রাভিনা ট্যান্ডন বলেন, ওই সময়ে আমার যেহেতু ফিল্মি ক্যারিয়ার তৈরির সময় ছিল, তাই আমাকে খুব সচেতন হয়ে সিনেমা বাছতে হতো। তবে ওই সময়ে ওই চরিত্রে রানিকে খুবই ভালো মানিয়েছিল। কারণ ও একেবারে নতুন মুখ ছিল। আর দর্শকও ওকে ওই চরিত্রে ভীষণ ভালোভাবে গ্রহণ করেছিলেন। কিন্তু আমার জন্য ওই চরিত্র করাটা খুবই কঠিন ছিল।উল্লেখ্য, ওই সময়ে রাভিনার ক্যারিয়ারে বৃহস্পতি তুঙ্গে ছিল বলা যায়। 'মোহরা', 'খিলাড়িও কা খিলাড়ি', 'দুলহে রাজা' সিনেমাতে নায়িকার ভূমিকায় বাজিমাত করেছিলেন তিনি। হয়ে উঠেছিলেন বলিউডের প্রথম সারির অভিনেত্রী।এখানেই শেষ নয়, করণ জোহরের সিনেমার মতোই জনপ্রিয় 'ছাঁইয়া ছাঁইয়া'র প্রস্তাবও ফিরিয়েছিলেন রাভিনা ট্যান্ডন। পরে সেই জনপ্রিয় গানে দেখা যায় 'আইটেম গার্ল' মালাইকা অরোরাকে। পরে যদিও এ নিয়েও মুখ খোলেন রাভিনা ট্যান্ডন। মণি রত্নমের পরবর্তী সময়ে এক সাক্ষাতে অভিনেত্রী জানিয়েছিলেন, তার সিনেমাতে অভিনয় করা রাভিনার কাছে স্বপ্ন। এমনকি 'ছাঁইয়া ছাঁইয়া'তেও পারফর্ম করতে চেয়েছিলেন। কিন্তু পরিস্থিতির জন্য তা হয়ে ওঠেনি।