নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে নজর কাড়ছে কৈলাসহরের স্বেচ্ছাসেবী সংগঠন গো-গ্রীন সামাজিক সংস্থা। শুধু গাছ লাগানো নয়, সেই গাছকে শিশুর মতো যত্নে লালন-পালন করে বড় করে তোলাই তাদের মূল লক্ষ্য।সম্প্রতি রামকৃষ্ণ আশ্রম সংলগ্ন এলাকায় পূর্বে রোপণ করা গাছগুলোর পরিচর্যায় অভিনব পদ্ধতি গ্রহণ করেছে সংস্থাটি। ব্যবহৃত প্লাস্টিকের জলের বোতলকে পুনর্ব্যবহার করে বৃষ্টির জল সংরক্ষণ এবং ধীরে ধীরে সেই জল গাছের গোড়ায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্লাস্টিক বর্জনের সচেতনতা যেমন ছড়ানো হচ্ছে, তেমনি পরিত্যক্ত প্লাস্টিককে পরিবেশবান্ধব কাজে লাগানোর এই উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।সংস্থার পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ রক্ষায় শুধু প্রচার নয়, বাস্তবমুখী পদক্ষেপই হতে পারে দীর্ঘমেয়াদি সমাধান।