এআই শীর্ষ সম্মেলনে ভারতের অদ্ভূত ক্ষমতা দেখার সুযোগ পেল দুনিয়া : প্রধানমন্ত্রী

Feb 23, 2026

এআই শীর্ষ সম্মেলনে ভারতের অদ্ভূত ক্ষমতা দেখার সুযোগ পেল দুনিয়া : প্রধানমন্ত্রী

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  মন কি বাত অনুষ্ঠানে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিটের কথা উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, বহু রাষ্ট্রপ্রধান, শিল্পজগতের নেতৃত্ব, উদ্ভাবক এবং স্টার্ট আপ জগতের সঙ্গে জড়িত মানুষজন এআই ইমপ্যাক্ট সামিটের জন্য একত্রিত হয়েছেন ভারত মণ্ডপমে। আগামী দিনে এআই শক্তির প্রয়োগ কীভাবে করবে দুনিয়া, সেই প্রসঙ্গে নির্ণায়ক হয়ে দেখা দিয়েছে এই শীর্ষ সম্মেলন।প্রধানমন্ত্রী বলেন, শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতৃত্ব এবং প্রযুক্তি সংস্থার সিইও-দের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ হয়েছে আমার। প্রধানমন্ত্রী বলেন, প্রদর্শনীতে দেখানোর জন্য বেছে নেওয়া হয়েছিল সুশ্রুত সংহিতা। প্রথম ধাপে দেখানো হয় যে কীভাবে প্রযুক্তির সহায়তায় আমরা পাণ্ডুলিপির ছবি সংশোধন করে সেটাকে পাঠযোগ্য করে তুলছি। দ্বিতীয় ধাপে এই চিত্রকে মেশিনের পড়বার উপযোগী বানানো হয়েছে। পরের ধাপে মেশিনের পাঠযোগ্য লিপি পাঠ করেছে এক এআই অবতার এবং পরের ধাপে আমরা এও দেখিয়েছি যে কীভাবে এই অমূল্য ভারতীয় জ্ঞান বিভিন্ন ভারতীয় ভাষা এবং বিদেশি ভাষায় প্রযুক্তির সাহায্যে অনুবাদ সম্ভব। ভারতের প্রাচীন জ্ঞানকে আধুনিক অবতারের মাধ্যমে জানার ব্যাপারে বিপুল আগ্রহ দেখান বিশ্ব নেতৃত্ব।প্রধানমন্ত্রী বলেন, এই শীর্ষ সম্মেলনে এআই ক্ষেত্রে ভারতের অদ্ভূত ক্ষমতা দেখার সুযোগ পেল দুনিয়া। এই সময় তিনটে 'মেড ইন ইন্ডিয়া' এআই মডেলও সামনে এনেছে ভারত। এখনও পর্যন্ত সবথেকে বড় এআই শীর্ষ সম্মেলন ছিল এটা। এই শীর্ষ সম্মেলন ঘিরে তরুণদের উৎসাহ আর উদ্দীপনা ছিল দেখার মত। প্রতিটি দেশবাসীকে এই শীর্ষ সম্মেলনের সাফল্যের জন্য অভিনন্দন জানাই আমি।