নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি অভিনেতা অজয় দেবগন ও অভিনেত্রী কাজল। এ তারকা জুটির মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ছিল বিবাহবার্ষিকী। ১৯৯৯ সালের এই দিনে তারা বিয়ে করেছিলেন। বিশেষ দিনে তাদের একটি আদুরে ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। ২৭ বছরের বিবাহিত জীবন নিয়ে কাজল মজার ক্যাপশন লিখেছেন—‘এক বিরল মুহূর্তে আমরা দুজনেই একমত হয়েছি যে, আমাদের দুজনেরই একটি মেডেল আর একটি ট্রফি প্রাপ্য!’২৭ বছরের দাম্পত্য পথচলাকে এমন মজার ছলে স্বীকৃতি দিয়েছেন কাজল। কথার সেই ‘মেডেল আর ট্রফি’—হয়তো প্রতীকী; কিন্তু ভক্তদের চোখে এ জুটির অর্জন তার চেয়েও অনেক বড়।১৯৯৫ সালে 'হালচাল' সিনেমার সেটে প্রথম দেখা হওয়ার পর, তাদের দীর্ঘ দাম্পত্য জীবনে নাইসা ও যুগ নামে দুই সন্তান এসেছে। ২৭ বছরের দাম্পত্যে মতভেদ, ব্যস্ততা, সাফল্য ও চ্যালেঞ্জ—সবই ছিল। তবু তাদের রসিকতা, পারস্পরিক শ্রদ্ধা আর বন্ধুত্বই যেন সম্পর্কটিকে টিকিয়ে রেখেছে সময়ের পরিক্রমায়।