নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে ফের কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গ্যাসের দাম বৃদ্ধি ও ঘাটতি নিয়ে কটাক্ষ করে রাহুল বলেন, "প্রধানমন্ত্রী দেশবাসীকে বলছেন ভয় পাবেন না, অথচ তিনিই ভীত।" এলপিজি সিলিন্ডার ঘাটতির প্রতিবাদে বৃহস্পতিবার সকালে সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন বিরোধীরা। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস-সহ বিভিন্ন বিরোধী দলের সাংসদরা একজোট হয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সাংসদ কে সি বেণুগোপাল প্রমুখ এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।এছাড়াও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিমা মণ্ডল, সায়নী ঘোষ প্রমুখ বিক্ষোভে শামিল হন। কেন্দ্রের বিরুদ্ধে একজোট হয়ে তাঁরা সুর চড়ান। উল্লেখ্য, ইরান-ইজরায়েল সংঘাতের আবহে দেশজুড়ে এলপিজি সিলিন্ডারের ঘাটতি দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন বিরোধীরা।এদিন প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করে রাহুল গান্ধী বলেন, "প্রধানমন্ত্রী বলছেন, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। কিন্তু প্রধানমন্ত্রী নিজেই সম্পূর্ণ ভিন্ন কারণে আতঙ্কিত। আদানি মামলা, এপস্টাইনের কারণে তিনি আতঙ্কিত। তিনি সংসদের ভেতরে আসতে পারছেন না। তিনি দেশকে আতঙ্কিত না হওয়ার জন্য বলছেন, যখন তিনি নিজেই আতঙ্কিত।"