রাজ্যের বিরোধী দলগুলির রক্তক্ষরণ অব্যাহত রয়েছে, তাই প্রায় প্রতিদিনই রাজ্যের কোথাও না কোথাও অন্যান্য দল ছেড়ে রাজ্যের প্রধান শাসক দল বিজেপি শিবিরের যোগদান করছেন জাতি এবং জনজাতি অংশের ভোটাররা। এডিসি নির্বাচনের আগে এই দলবদল স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে শাসকদলের জন্য। এরই প্রেক্ষিতে রবিবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। এদিনের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য সহ দলের মন্ত্রী সন্তনা চাকমা, প্রাক্তন সাংসদ, রেবতী ত্রিপুরা,বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ দলের অন্যান্য নেতৃত্বরা। এদিনের এই সভায় অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে ১ হাজার ৩শত ৩৬ পরিবারের ৩ হাজার ১শত ৮৯ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন।
এদিন নব যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান উপস্থিত নেতৃত্বরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী নাম না করে শরিক দলের বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি বলেন ঐক্যের কথা মুখে বললেও সবাইকে সম্মান করা হচ্ছে না। শুধুমাত্র বিজেপি দল সকলকে নিয়ে চলতে চায় এবং সকলের সঙ্গে কাজ করে।
এবিষয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, বিজেপি মানুষের কল্যাণে কাজ করছে। সমাজের সকল অংশের মানুষের জন্য কাজ করছে তাই অন্যান্য দল ছেড়ে বিজেপিতে শামিল হচ্ছেন দলে দলে মানুষ।
এদিনের এই মহা যোগদান সভা এডিসি নির্বাচনে কতটুকু প্রভাব ফেলতে পারে তা দেখার জন্য নির্বাচন পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে।