তেলিয়ামুড়া রাজনগর এলাকার বাসিন্দা সমীর বিশ্বাস ও স্বরসতী বিশ্বাসের মাত্র পাঁচ মাস বয়সী পুত্র স্বর্ণজিৎ বিশ্বাস এক বিরল ও গুরুতর রোগে আক্রান্ত হয়ে বর্তমানে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছে। স্থানীয় চিকিৎসকদের মতে, শিশুটির হৃদপিণ্ডে ছিদ্র (হার্টে ছিদ্র) ধরা পড়েছে এবং দ্রুত উন্নত চিকিৎসার প্রয়োজন।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, শিশুটিকে অতি শীঘ্রই রাজ্যের বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হবে। সেখানে চিকিৎসা পরিষেবা বিনামূল্যে পাওয়ার সম্ভাবনা থাকলেও যাতায়াত, থাকা-খাওয়া এবং অন্যান্য প্রয়োজনীয় খরচ মিলিয়ে প্রায় দেড় লক্ষাধিক টাকার প্রয়োজন হবে বলে জানিয়েছে পরিবার। কিন্তু আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় এত বড় অঙ্কের অর্থ জোগাড় করতে হিমশিম খাচ্ছে শিশুটির পরিবার।
চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটিকে এক সপ্তাহের মধ্যেই বহিঃরাজ্যে নিয়ে যাওয়া অত্যন্ত জরুরি। তাই অসহায় পরিবারটি সমাজের সকল স্তরের মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছিল। পরিবারের আশা ছিল, সমাজের সহৃদয় মানুষের সামান্য সহযোগিতায় হয়তো এই ছোট্ট শিশুটির চিকিৎসা সম্ভব হবে এবং সে আবার সুস্থ হয়ে মায়ের কোলে ফিরে আসতে পারবে। রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে এই সংবাদ প্রকাশিত হওয়ার পর,
ইতিমধ্যে শিশুটির পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্যসচেতক কল্যাণী সাহা রায়। রবিবার বিধায়িকা, শিশুটির পরিবারের লোকজনদের ওনার বাসভবনে ডেকে নিয়ে আশ্বস্ত করেন শিশুটির সঠিক চিকিৎসা ব্যবস্থা প্রদানে সহযোগিতা করার জন্য বিধায়িকা সর্বদা পরিবারটির পাশে আছেন। পাশাপাশি শিশুটির চিকিৎসার জন্য পরিবারটির বহিরাজ্যে যাতায়াতের এবং থাকার সম্পূর্ণ ব্যবস্থা এবং খরচ বিধায়িকা বহন করবেন বলেও আশ্বস্ত করেছেন পরিবারটিকে।। তৎসঙ্গে শিশুটির দ্রুত আরোগ্য কামনা করেছেন বিধায়িকা কল্যাণী সাহা রায়।
বিধায়িকার এহেনু মানবিক উদ্যোগে খুশি শিশুটির পরিবারের লোকজন সহ এলাকার লোকজন।।।