শান্তিরবাজারের পুরাতন ইলেক্ট্রিক অফিসে যেন আগুনের খেলা থামছেই না। এক সপ্তাহের ব্যবধানে আজ দ্বিতীয়বার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল এই চত্বরে। বারবার একই স্থানে আগুনের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দপ্তরের গাফিলতিকেই এই ঘটনার মূল কারণ হিসেবে দায়ী করছেন তারা।ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার পুরাতন ইলেক্ট্রিক অফিস চত্বরে আজ হঠাৎই আগুনের লেলিহান শিখা দেখতে পান কর্মরতরা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। খবর দেওয়া হয় শান্তিরবাজার অগ্নিনির্বাপক দপ্তরে। খবর পাওয়া মাত্রই দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
তবে এই অগ্নিকাণ্ড ঘিরে উঠেছে একগুচ্ছ প্রশ্ন। অভিযোগ উঠেছে, অফিস চত্বরের জঙ্গল নিয়মিত পরিষ্কার না করার ফলেই বারবার এই আগুনের সূত্রপাত হচ্ছে। স্থানীয়দের দাবি, বছর বছর এই একই চিত্র দেখা যায়, কিন্তু দপ্তরের কোনো হেলদোল নেই।এই বিষয়ে দপ্তরের এক আধিকারিককে প্রশ্ন করা হলে তিনি বিস্ময়করভাবে জানান যে, আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে বা কেন বারবার এমন ঘটছে, সে সম্পর্কে তারা কিছুই জানেন না। দপ্তরের এই দায়সারা মন্তব্যে ক্ষোভ আরও বেড়েছে।এক সপ্তাহের মধ্যে দুইবার অগ্নি সংযোগের ঘটনায় জনমনে এখন একটাই প্রশ্ন— আর কতবার এমন ঘটনা ঘটলে টনক নড়বে বিদ্যুৎ দপ্তরের?