এনজিও'র নাম করে মধ্যরাতে বটতলা এলাকায় পুলিশের সাথে দাদাগিরি প্রদর্শনের ঘটনায় ধৃত ৩ অভিযুক্ত ।ধৃতরা হল সুমন দে ,সুরজিৎ দাস এবং মৃদুল মালাকার ।রবিবার রাতেই পশ্চিম থানার পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে।
শনিবার গভীর রাতে একদল যুবক রাজধানীর বটতলা এলাকায় উৎপাত শুরু করে। তারা ফুটপাতে বসবাসকারী দুজন মহিলা এবং একজন পুরুষকে ধরে মারধর করে বলে অভিযোগ। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ালে পশ্চিম থানার পুলিশ ছুটে যায় ।তখন যুবকরা পুলিশের কাছে ত্রিপুরা ইয়ুথ ব্রিগেড নামে একটি এনজিও সংস্থার সদস্য বলে পরিচয় দেয়। যুবকরা পুলিশের সাথেও দাদাগিরি শুরু করে ।পুলিশ আধিকারিকের দিকে রীতিমতো আঙ্গুল তুলে আইন কানুন সম্পর্কে পাঠ দিতে থাকে তারা ।এই ঘটনার খবর সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে ।এতে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় । রবিবার পশ্চিম থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করে ।তদন্তে নেমে পুলিশ রবিবার রাতে অভিযুক্তদের মধ্যে তিনজনকে গ্রেফতার করে ।ধৃতরা হল সুমন দে, সুরজিৎ দাস এবং মৃদুল মালাকার ।ধৃত অভিযুক্তরা পুলিশ আধিকারিককে আইনের পাঠ দিচ্ছিল বলে অভিযোগ ।রবিবার রাতে পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি এই সংবাদ জানান।
এদিন পশ্চিম থানার পুলিশ আধিকারিক জানান, অভিযুক্তরা একটি এনজিওর সদস্যবলে পরিচয় দিলেও সংশ্লিষ্ট কোন কাগজপত্র দেখাতে পারেনি । সোমবার তাদের আদালতে সোপর্দ করা হবে। অভিযুক্তদের বিরুদ্ধে যাবতীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে বলে জানান পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি।