বন্য হাতির তাণ্ডবে বৃদ্ধার মৃত্যু, উত্তাল মুঙ্গিয়াকামী—অবরোধ, ভাঙচুর, সাংবাদিক নিগ্রহে চরম উত্তেজনা!

Apr 05, 2026

বন্য হাতির তাণ্ডবে বৃদ্ধার মৃত্যু, উত্তাল মুঙ্গিয়াকামী—অবরোধ, ভাঙচুর, সাংবাদিক নিগ্রহে চরম উত্তেজনা!

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন রামকৃষ্ণপুর এ.ডি.সি ভিলেজের জুমবাড়ি এলাকায় শুক্রবার গভীর রাতে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। রাত আনুমানিক ২টা নাগাদ বন্য দাঁতাল হাতির আক্রমণে নিজ বাড়িতেই নিহত হন এক বৃদ্ধা। মৃতার নাম মনিমালা দেববর্মা।

  এই ঘটনায় মুহূর্তের মধ্যে ক্ষোভে ফেটে পড়ে গোটা এলাকা।

ঘটনার প্রতিবাদে মৃতদেহ নিয়ে স্থানীয় মানুষজন ও পরিবারের সদস্যরা শনিবার সকালে মুঙ্গিয়াকামী বাজার এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বসেন। দীর্ঘক্ষণ ধরে চলে এই অবরোধ, যার জেরে অচল হয়ে পড়ে যান চলাচল।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান মহকুমা বন আধিকারিক ধীরেন কলই। কিন্তু তাঁর পরিচয় জানা মাত্রই উত্তেজিত জনতা ক্ষোভ উগরে দিয়ে তাঁর উপর চড়াও হয়। পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয় তিপ্রামথা দলের নেতৃত্বরা তাঁকে উদ্ধার করে নিজেদের কার্যালয়ে নিরাপত্তার জন্য নিয়ে যান।

এদিকে ক্ষুব্ধ কিছু উশৃঙ্খল যুবক স্থানীয় ফরেস্ট বিট অফিসে ভাংচুর চালায় বলেও অভিযোগ উঠেছে।

        পরিস্থিতি আরও অবনতি ঘটে যখন সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক—হিরণ্ময় রায় ও নরেন চক্রবর্তী—আক্রমণের শিকার হন। অভিযোগ, সাংবাদিক নরেন চক্রবর্তী'কে লাঠি দিয়ে আঘাত করা হয় এবং বেধড়ক মারধর করা হয়।

পুরো ঘটনা'কে কেন্দ্র করে মুঙ্গিয়াকামী এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।  

       পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছান মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী, যিনি এলাকাবাসীর সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। একটা সময় মহকুমা শাসক মৃতের আত্মীয় পরিজনকে যখন বলে একাউন্ট নাম্বার দিতে এবং টাকা ঢুকিয়ে দিবে ডেড বডি টা নিয়ে যাবে। সেই সময় উত্তেজনা ছড়ায় এবং মহাকুমা শাসকের উপর চড়াও হয় এলাকার মহিলারা। যদিও মহাকুমা শাসক কোন রকম ভাবে দৌড়ে গিয়ে গাড়িতে উঠে ঘটনাচল থেকে চলে গিয়ে রক্ষা পায়। এই ঘটনার সময় শাসকদলের কোন নেতাকর্মীদেরকে দেখা না গেলেও তীপ্রামাথা দলের কর্মীরা ঘটনাস্থলে ছিল এবং বিক্ষোভকারীদেরকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করে।

এদিকে আসন্ন এ.ডি.সি নির্বাচনের প্রাক্কালে ঘটনাটি রাজনৈতিক মাত্রা পেতে শুরু করেছে।

       তিপ্রামথা মনোনীত প্রার্থী উৎপল দেববর্মা সহ দলের কর্মী-সমর্থক'রা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সহমর্মিতা প্রদর্শনের চেষ্টা করেন, যা নিয়ে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। শেষ খবর পাওয়া পর্যন্ত পথ অবরোধ অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি এখনও থমথমে।

এই মর্মান্তিক ঘটনা আসন্ন স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনে কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই বড় প্রশ্ন।

বিভাগ

সর্বশেষ খবর