কদমতলায় গৃহবধূ নির্যাতন-আহত রেজানা খাতুনের পাশে টিআরএমএল, অভিযুক্ত স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি!

Apr 14, 2026

কদমতলায় গৃহবধূ নির্যাতন-আহত রেজানা খাতুনের পাশে টিআরএমএল, অভিযুক্ত স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি!

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ উত্তর ত্রিপুরার কদমতলা ব্লকের অন্তর্গত বাঘন গ্রাম পঞ্চায়েত এলাকায় স্বামীর নির্মম নির্যাতনের শিকার গৃহবধূ রেজানা খাতুনের পাশে দাঁড়াল টিআরএমএল-এর তিনটি শাখার নারী শক্তি কর্মীরা। সোমবার দুপুর প্রায় দুইটা নাগাদ তাঁরা গুরুতর আহত রেজানা খাতুনকে সঙ্গে নিয়ে চুরাইবাড়ি থানায় উপস্থিত হয়ে অভিযুক্ত স্বামী আব্দুর রহিমের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ন্যায়বিচারের দাবি জানান। পাশাপাশি একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ঘটনার পর টিআরএমএল-এর কর্মীরা গৃহবধূর পাশে দাঁড়ালে অভিযুক্ত স্বামী তাঁদেরকেও দেখে নেওয়ার হুমকি দেয়। শুধু স্ত্রীই নয়, নিজের মা এবং পুত্র সন্তানকেও মারধর করেছে বলেও অভিযোগ ওঠে। ওই সময় মা ও ছেলে উভয়েই থানায় উপস্থিত হয়ে পুলিশের সামনে একই বয়ান দিয়েছেন। ফলে অভিযুক্ত যেন কোনওভাবেই ছাড়া না পায়, সেই আবেদন জানান সংগঠনের সদস্যরা। উল্লেখ্য, টিআরএমএল-এর জেন্ডার সার্পি কর্মীদের বক্তব্য অনুযায়ী, রবিবার সকালে রেজানা খাতুন ফোন করে নির্যাতনের কথা জানালে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে অবহিত করেন। তাঁদের অভিযোগ, আব্দুর রহিম দীর্ঘদিন ধরেই স্ত্রীর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। পাশাপাশি তাঁর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগও রয়েছে। সংগঠনের দাবি, এমন অপরাধের কঠোরতম শাস্তি হওয়া জরুরি, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়। প্রসঙ্গত: এদিন ঘটনার পর গুরুতর আহত অবস্থায় রেজানা খাতুনকে প্রথমে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হয়। কিন্তু চিকিৎসকেরা রোগীর শারীরিক অবস্থার অবনতি দেখে তাঁকে বহিরাজ্যে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পরামর্শ দেন। আর্থিক অসামর্থ্যের কারণে তা সম্ভব না হওয়ায়, গৃহবধূ নিজেই সংগঠনের কর্মীদের সঙ্গে থানায় এসে মামলা দায়ের করেন।