:  পাঁচ দফা দাবিতে রাজ্য নির্বাচন কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান বামফ্রন্টের :

Apr 15, 2026

: পাঁচ দফা দাবিতে রাজ্য নির্বাচন কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান বামফ্রন্টের :

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ আগামী শুক্রবার, ১৭ এপ্রিল এডিসি নির্বাচনের ভোট গণনা ।ভোট গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে মঙ্গলবার রাজ্য বামফ্রন্টের এক প্রতিনিধি দল রাজ্য নির্বাচন কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান করে ।৫ দফা দাবির ভিত্তিতে এই ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন প্রদানে ছিলেন রাজ্য বামফ্রন্টের আহ্বায়ক মানিক দে ,সিপিআইএম-এর নরেশ জমাতিয়া ,সি পি আই এর মিলন বৈদ্য ,আরএসপির দীপক দেব এবং ফরওয়ার্ড ব্লক এর পক্ষে রঘুনাথ সরকার ।এদিন ডেপুটেশন প্রদান শেষে সিপিআইএমের রাজ্য দপ্তরে সংশ্লিষ্ট বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে গণনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের দাবি গুলি তুলে ধরেন বামফ্রন্টের রাজ্য আহ্বায়ক মানিক দে। তিনি জানান, কাউন্টিং হল গুলির অতীতের অভিজ্ঞতা ভালো না। গণনা কেন্দ্রের ভেতর এবং বাইরে নিরাপত্তার জন্য কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী প্রদান করতে হবে। ভোট গণনায় কাউন্টিং এজেন্টদের যথাযথ নিরাপত্তা প্রদানের বিষয়টিও তারা তুলে ধরেছেন। বামফ্রন্টের রাজ্য আহ্বায়ক আরো জানান ,ভোট গণনাকে কেন্দ্র করে গণনা কেন্দ্রের বাইরে কোন রাজনৈতিক দলের অবস্থান কোথায় হবে তা আগাম জানাতে হবে ।অবাঞ্চিত ঘটনায় রাতে গণনা কেন্দ্রের ভেতর এবং বাইরে সিসিটিভির ব্যবস্থা করতে হবে ।পাশাপাশি নির্বাচনোত্তর সন্ত্রাস দমনের জন্য আগামী দুই মাস প্রত্যেকটি এলাকায় প্রতিনিয়ত আধা সামরিক বাহিনীর টহলদারির ব্যবস্থা করার দাবিও জানানো হয়েছে বলে জানান তিনি।