নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ পহেলগাঁও-এ সন্ত্রাসী হামলার প্রথম বার্ষিকীতে সন্ত্রাসবাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইসঙ্গে সন্ত্রাসবাদের নিন্দা করে তিনি জানান, সন্ত্রাসবাদ মানবতার সবচেয়ে বড় শত্রু। বুধবার সকালে এক্স মাধ্যমে অমিত শাহ জানান, "এই দিনে, আমরা গত বছর ভয়াবহ পহেলগাঁও সন্ত্রাসী হামলায় হারানো নিরীহ প্রাণগুলোকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। আপনজনদের হারানোর শোক ও বেদনা আজও প্রত্যেক ভারতীয়ের হৃদয়ে রয়ে গেছে।"কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও জানান, "সন্ত্রাসবাদ মানবতার সবচেয়ে বড় শত্রু, যার বিরুদ্ধে লড়াই করে একে পরাজিত করতে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। ভারত সন্ত্রাসবাদ এবং যারা একে আশ্রয় দেয় তাদের বিরুদ্ধে তার শূন্য-সহনশীলতার নীতি অব্যাহত রাখবে।" উল্লেখ্য, গত বছরের ২২ এপ্রিল পহেলগাঁও-এ এক স্থানীয় বাসিন্দা এবং ২৫ জন পর্যটককে হত্যা করে সন্ত্রাসবাদীরা। নারকীয় এই ঘটনা সমগ্র দেশকে স্তব্ধ করে দিয়েছিল। এই সন্ত্রাসী হামলার প্রত্যাঘাতে অপারেশন সিঁদুর চালায় ভারত।