জুম ক্ষেতে কৃষি কাজ করতে গিয়ে ভাল্লুকের আক্রমণে গুরুতর আহত এক জুমিয়া ।আহত জুমিয়ার নাম হরেন্দ্র রিয়াং । ঘটনা বুধবার সকালে ধলাই জেলার গঙ্গানগর থানাধীন দশ মাইল পাড়া এলাকায়।
ভাল্লুকের আক্রমণে গুরুতর আহত এক জুমিয়া কৃষক। ঘটনা বুধবার সাত সকালে ধলাই জেলার গঙ্গানগর থানাধীন দশ মাইল পাড়া এলাকায় ।আহত কৃষকের নাম হরেন্দ্র রিয়াং, বয়স আনুমানিক ৭০ বছর। গঙ্গানগরে দশ মাইলপাড়ার টিলা ভূমিতে টং ঘরে স্ত্রীকে নিয়ে বসবাস করেন তিনি। টং ঘর সংলগ্ন টিলাভূমিতে জুম চাষ করার জন্য বুধবার সকালে জমি পরিষ্কার করছিলেন তিনি ।এই সময় গভীর জঙ্গল থেকে একটি ভাল্লুক এসে তাকে আক্রমণ করে ।তার মাথায় ,ডান কানে নিচে এবং মুখমণ্ডলে একাধিক কামড় বসিয়ে দেয় ভাল্লুকটি ।বৃদ্ধের চিৎকার শুনে ঘটনাস্হলে ছুটে যান তার স্ত্রী ।তিনি কোন রকমে ভাল্লুকটিকে তাড়িয়ে স্বামীকে উদ্ধার করে টং ঘরে নিয়ে আসেন ।পরে মেয়ে এবং মেয়ের জামাইকে খবর দিলে তারা গুরুতর আহত হরেন্দ্র রিয়াংকে কুলাই জেলা হাসপাতালে নিয়ে যান ।সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।জিবি হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান আহত হরেন্দ্র রিয়াংয়ের মেয়ের জামাই।
জিবি হাসপাতাল সূত্রে জানা গেছে ,ভাল্লুকের আক্রমণে গুরুতর আহত হরেন্দ্র রিয়াংয়ের অবস্থা আশঙ্কাজনক। কথাবার্তা বলার মত অবস্থায় নেই তিনি ।বর্তমানের জিবি হাসপাতালে তার চিকিৎসা চলছে।