আর্সেনালকে সরিয়ে শীর্ষস্থান দখল করল ম্যানচেস্টার সিটি

Apr 23, 2026

আর্সেনালকে সরিয়ে শীর্ষস্থান দখল করল ম্যানচেস্টার সিটি

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে বার্নলিকে ১-০ গোলে হারানোর সুবাদে টেবিল টপার আর্সেনালকে পেছনে ফেলে এবার শীর্ষে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। ৩৩ ম্যাচ শেষে দুই দলেরই পয়েন্ট সমান ৭০, এমনকি জয়-পরাজয়ের হিসাবও একই। তবে বেশি গোল করায় (৬৬টি, যেখানে আর্সেনালের ৬৩) শীর্ষস্থান দখল করেছে পেপ গার্দিওলার শিষ্যরা।১১ এপ্রিল পর্যন্ত আর্সেনাল ৯ পয়েন্টে এগিয়ে ছিল, যা দেখে সমর্থকেরা শিরোপার স্বপ্ন বুনতে শুরু করেছিলেন। কিন্তু হঠাৎই ছন্দ হারায় গানাররা। বোর্নমাউথের কাছে নিজেদের মাঠে হার এবং সিটির বিপক্ষে বড় পরাজয়ের ফলে মাত্র ১১ দিনের ব্যবধানে পয়েন্ট টেবিলে লিড হারিয়ে ফেলে মিকেল আর্তেতার শিষ্যরা।বার্নলির মাঠে ম্যাচের শুরুতেই, পঞ্চম মিনিটে আর্লিং হালান্ডের গোলে এগিয়ে যায় সিটি। ম্যাচ শেষে গার্দিওলা বলেন, সুযোগ তৈরি হলেও শেষ মুহূর্তে ক্লান্তির কারণে ভালো ফিনিশিং করা যায়নি; ২-০ হলে ম্যাচটা আরও স্বস্তিদায়ক হতো।লিগে এখন বাকি মাত্র পাঁচটি ম্যাচ। যদি দুই দলই বাকি সব ম্যাচ জিতে, তবে পয়েন্ট দাঁড়াবে ৮৫। সে ক্ষেত্রে গোলসংখ্যা বা গোল ব্যবধানই ঠিক করবে শিরোপার ভাগ্য।