নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ শুক্রবার পানিহাটিতে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কেন্দ্রে আর জি কর হাসপাতালের নির্যাতিতা মহিলা চিকিৎসকের মা-কে প্রার্থী করেছে বিজেপি। প্রধানমন্ত্রী বলেন, রাজ্যে যে পরিবর্তনের ঝড় বইছিল, তার প্রথম সিলমোহর পড়েছে বৃহস্পতিবার, প্রথম দফার নির্বাচনে। গত কাল ভোট দেখে তৃণমূল নেতারা হতচকিত হয়ে গিয়েছে। তার পর বিজেপির বিরুদ্ধে গুন্ডাদের উস্কানি দিচ্ছে তৃণমূল। আসলে প্রদীপ নেভার আগে জ্বলে ওঠে। তৃণমূলেরও সেই অবস্থা হয়েছে। আরজি কর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনার কথা উল্লেখ করে তৃণমূল সরকারকে নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্যাতিতার মায়ের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এই মা মেয়েকে ডাক্তার বানিয়েছিলেন। তৃণমূলের জঙ্গলরাজ সেই মেয়েকে ছিনিয়ে নিয়েছে। আমরা তাঁর মাকে প্রার্থী করেছি। তৃণমূলকে ‘নারীবিরোধী দল’ বলে আক্রমণ করেন প্রধানমন্ত্রী মোদী। সংসদে মহিলা বিল আটকেছে। তিনি বলেন, বাংলার নারীশক্তি নতুন কাহিনি লিখতে চলেছে। তৃণমূল মহিলাদের উপর অনেক অত্যাচার করেছে। চার তারিখের পর সব অত্যাচারের হিসাব হবে। প্রধানমন্ত্রী বলেন, নেতাজি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত তোমায়, আমি তোমাদের স্বাধীনতা দেব। আমি বলছি, আপনারা আমাদের ভোটরূপী আশীর্বাদ দিন। কথা দিচ্ছি, তৃণমূলের মহাজঙ্গলরাজ থেকে মুক্তি দেব। প্রধানমন্ত্রীর কটাক্ষ, তৃণমূল ক্ষমতায় থাকলে রাজ্যের বেকার যুবকরা চাকরি পাবেন না! এক সময় দেশের অন্যান্য রাজ্য থেকে মানুষজন কলকাতায় আসতো কাজের খোঁজে, আজ পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ যুবক কাজের খোঁজে ভিন রাজ্যে চলে যাচ্ছে। গত ১৫ বছরে তৃণমূল পশ্চিমবঙ্গের শিল্পকে ধ্বংস করেছে! পানিহাটির সভায় এমনই অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, কলকাতা সহ রাজ্যের সব শহরকে বরবাদ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। বিগত ১৫ বছরের শাসনে রাজ্যের উদ্যোগ, উন্নয়ন, শিল্প সবকিছুই শেষ করে দিয়েছে তৃণমূল।