নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ইরান সংশ্লিষ্ট ৩৪৪ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি সম্পদ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে বিঘ্নের প্রেক্ষাপটে তেহরানের ওপর চাপ বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়।শুক্রবার (২৪ এপ্রিল) মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এ তথ্য জানিয়েছেন। এক্সে দেওয়া এক বিবৃতিতে বেসেন্ট বলেন, ‘তেহরানের অর্থ সংগ্রহ, স্থানান্তর এবং পুনরুদ্ধারের সক্ষমতা পদ্ধতিগতভাবে দুর্বল করতে ট্রেজারি বিভাগ কাজ চালিয়ে যাবে।’তিনি আরও জানান, ইরানের সঙ্গে সম্পৃক্ত একাধিক ডিজিটাল ওয়ালেটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যার ফলে এসব সম্পদ জব্দ করা সম্ভব হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেন, নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত প্রচলিত পদ্ধতি যেমন ভুয়া কোম্পানির পাশাপাশি ডিজিটাল সম্পদও লক্ষ্যবস্তু করা হচ্ছে।ওই কর্মকর্তা আরও জানান, ট্রেজারি বিভাগ আর্থিক প্রতিষ্ঠান এবং ডিজিটাল সম্পদ এক্সচেঞ্জগুলোর সঙ্গে সক্রিয়ভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে।