রাজ্যের ক্রীড়া পরিকাঠামো উন্নয়ন এবং যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে শুক্রবার আমবাসা পুর পরিষদের কনফারেন্স হলে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৪৭-আমবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প বা BEUP স্কিমের অধীনে স্থানীয় বিভিন্ন ক্লাব , বিদ্যালয় ও ক্রীড়া প্রেমীদের হাতে খেলাধুলার সরঞ্জাম তুলে দেওয়া হয়।
আমবাসা পুর পরিষদের কনফারেন্স হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য গ্রামীণ ও শহর এলাকার খেলোয়াড়দের সঠিক সরঞ্জাম দিয়ে সহায়তা করা।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ৪৭-আমবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা,অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমবাসা আর.ডি. ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন হেমালি দেববর্মা,আমবাসা পুর পরিষদের চেয়ারপার্সন প্রতিমা মালাকার, আমবাসা পুর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর , আমবাসা মহকুমা শাসক রিঙ্কু রিয়াং, ডিসিএম মৌটুসি দাস ।
সমগ্র কর্মসূচিটি আমবাসা মহকুমা শাসকের দপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত হয়। নয়টি ক্লাব ও চারটি বিদ্যালয়ের হাতে বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। প্রায় ৭ লক্ষ ৫৩ হাজার টাকার ক্রীড়া সামগ্রী এদিন বিতরণ করা হয়। ক্রীড়া সামগ্রী হাতে পেয়ে স্থানীয় খেলোয়াড় ও ক্লাব কর্মকর্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। অতিথিরা আশাপ্রকাশ করেন নেশা থেকে যুব সমাজকে বিমুখ করতে খেলাধূলার গুরুত্ব অপরিসীম। সরকার খেলাধূলাকে গুরুত্ব দিয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে ।
খেলাধূলা মানুষকে সুস্থ সবল ও মানসিক ভাবে সতেজ করে গড়ে তোলে ।
এই উদ্যোগের ফলে মহকুমার ক্রীড়া ক্ষেত্রে এক নতুন জোয়ার আসবে।