যান সন্ত্রাসের বলি এক যুবক। নিহত যুবকের নাম সৌরভ আচার্য্য ,বয়স আনুমানিক ২২ বছর। টিপার গাড়ির সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে। ঘটনা শুক্রবার সাত সকালে খয়েরপুরের বনিক্য চৌমুহনী সংলগ্ন সুকান্ত পল্লী এলাকায়।
রাজ্যে সড়ক দুর্ঘটনা ঘটেই চলছে। এতে বৃদ্ধি পাচ্ছে হতাহতের সংখ্যাও। শুক্রবারও যান সন্ত্রাসের বলি হল এক তরতাজা যুবক। তার নাম সৌরভ আচার্য্য। বয়স আনুমানিক 22 বছর ।জানা গেছে ,একটি বেসরকারি ফার্মে চাকরি করত সে। প্রতিদিনের মতো শুক্রবারও মেঘলীপাড়াস্হিত বাড়ি থেকে খেয়ে দেয়ে নিজ বাইকে করে কর্মস্থলের দিকে রওয়ানা দেয় সে ।পথে খয়েরপুরের বনিক্য চৌমুহনী সংলগ্ন সুকান্ত পল্লীর ব্রিজের সামনে উল্টো দিক থেকে আসা একটি টিপার গাড়ির সাথে তার বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় ।সংঘর্ষের জেরে রাস্তায় ছিটকে পড়ে সৌরভ আচার্য। তার মুখমণ্ডল এবং মাথায় গুরুতর আঘাত লাগে ।স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান।তারা আহত সৌরভ আচার্য কে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসেন। জিবি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। এদিন একমাত্র ছেলের দুর্ঘটনার খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে আসেন মৃত যুবকের পিতা সুজিত আচার্য। ছেলের মর্মান্তিক পরিণতির কথা তখনও তিনি জানেন না ।তিনি জানান, খবর পেয়ে সুকান্তপল্লী এলাকায় ছুটে যান তিনি। দুর্ঘটনা স্থলে টিপার গাড়ির সামনে তার পুত্রের বাইকটিকে দেখেছেন ।সাথে সাথে তিনি জিবি হাসপাতালে ছুটে আসেন।
এদিন সৌরভ আচার্যের এই দুর্ঘটনার খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে আসেন মেঘলীপাড়া এলাকার লোকজনেরা ।জানা গেছে এক ছেলে এবং এক মেয়ে ও স্ত্রী নিয়ে সুজিত আচার্যের সংসার। মেয়ের বিয়ে হয়ে গেছে ।ছেলেকে নিয়ে বাড়িতেই থাকতেন মা-বাবা। একমাত্র ছেলের মৃত্যুর খবর পেয়েই জিবি হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন তারা।