আগরতলা রেলস্টেশনে ৬৪ লক্ষাধিক টাকা উদ্ধারের ঘটনায় এবার দক্ষিণ জেলার বন আধিকারিক গৌরব রবীন্দ্র ওয়াগের বিলোনিয়াস্থিত বাসভবনে হানা দিল ভিজিল্যান্স। সকাল ১০টা থেকে শুরু হয় ভিজিল্যান্সের জিজ্ঞাসাবাদ। ডিসিএম সঞ্জয় শীল সহ ভিজিল্যান্সের একটি টিম ডিএফও গৌরব রবীন্দ্র ওয়াগে এবং তার বাসভবনের কর্মীদের জিজ্ঞাসাবাদ করে। এসময় বাসভবনে নিরাপত্তা রক্ষীরাও উপস্থিত ছিলেন। তদন্তের স্বার্থে বাসভবন থেকে বিভিন্ন নথিপত্র, সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোন, ল্যাপটপ ও ড্রোন ক্যামেরা বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রে জানা গেছে।
সূত্রের খবর, এই ঘটনায় ঋষ্যমুখ বন বিভাগের এক ফরেস্ট রেঞ্জার, রাজনগর তৃষ্ণা অভয়ারণ্যের এক ফরেস্ট অফিসার সহ আরও কয়েকজনের নাম উঠে এসেছে গোপন লেনদেনের যোগসাজশে। উল্লেখ্য, কিছুদিন আগে আগরতলা বাধারঘাট রেল স্টেশনে ৬৪ লাখ টাকা সহ ধরা পড়েন দক্ষিণ জেলার ডিএফও গৌরব রবীন্দ্র ওয়াগের মামা। মামা গ্রেপ্তার হওয়ার পর বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন ডিএফও।
ভিজিল্যান্স তদন্ত করে দেখছে এই বিপুল পরিমাণ টাকার উৎস কী। অনেকে সন্দেহ করছেন, ডিএফও, ফরেস্ট রেঞ্জার ও অন্যান্য বন দপ্তরের কর্মীদের যোগসাজশে অবৈধভাবে এই অর্থ সংগ্রহ করা হয়েছে। তদন্ত চলছে।