উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমায় ফের মাথাচাড়া দিয়ে উঠেছে বাইক চোরচক্র। সর্বশেষ ঘটনা ইসাইলাল চড়া গ্রামের ২ নং ওয়ার্ডে, যেখানে চোরের দল এক বাসিন্দার বাড়ির সামনে থেকে মোটরবাইক চুরি করে নিয়ে যায়।
জানা গেছে, ইসাইলাল চড়া গ্রামের বাসিন্দা দেবাশীষ দেবের TR 05 E 8050 নম্বরের একটি পালসার বাইক বৃহস্পতিবার নিজ বাড়ির গেটের সামনে থেকে চুরি হয়ে যায়। ঘটনার পর ইতিমধ্যেই দুই দিন অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত বাইকটির কোনো খোঁজ মেলেনি।
দেবাশীষ দেব জানান, ওই বাইকটিই ছিল তাঁর দৈনন্দিন আয়ের একমাত্র ভরসা। বাইকটি ব্যবহার করেই তিনি জীবিকা নির্বাহ করতেন। ফলে হঠাৎ এই চুরির ঘটনায় তিনি চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন।
এদিকে, শুধু ইসাইলাল চড়া নয়—উত্তর জেলার বিভিন্ন থানা এলাকায় পাশাপাশি কদমতলা থানার অন্তর্গত লাল চড়া গ্রামেও সম্প্রতি বাইক চুরির ঘটনা সামনে এসেছে। একাধিক এলাকায় ধারাবাহিকভাবে বাইক চুরির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
ঘটনার পর দেবাশীষ দেব কদমতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগের পরেও এখনও পর্যন্ত পুলিশ চুরি হওয়া বাইকটি উদ্ধার করতে সক্ষম হয়নি বলে জানা গেছে।
সমগ্র ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে পুলিশের টহলদারি ও নজরদারি নিয়ে। এলাকাবাসীর দাবি, দ্রুত চোরচক্রকে চিহ্নিত করে কড়া ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।
সব মিলিয়ে উত্তর জেলায় পুনরায় সক্রিয় হয়ে উঠছে বাইক চোরচক্র—এমন ই আশঙ্কাই করছেন স্থানীয়রা।