অভয় নগর সড়কে বস্তিবাসীদের পথ অবরোধ ঘিরে উত্তেজনা

Apr 27, 2026

অভয় নগর সড়কে বস্তিবাসীদের পথ অবরোধ ঘিরে উত্তেজনা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

বাসস্থানের বদলে বাসস্থানের দাবিতে রাজধানীর অভয়নগর ব্রিজের উপর সড়ক অবরোধ করল কাটাখালের চড়ের বসবাসকারীরা। উচ্ছেদের সমূহ অভিযান কে কেন্দ্র করে অভয়নগর এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

 

আগরতলা শহরকে বানভাসী  অবস্থা থেকে বাঁচাতে হাওড়া নদী এবং কাটাখালের নাব্যতা বৃদ্ধির প্রয়োজন। এই লক্ষ্যকে সামনে রেখে রাজধানীর কাটা খাল সংলগ্ন উত্তর পাড়ের বাসিন্দাদের উচ্ছেদের নোটিশ দিয়েছে প্রশাসন। প্রথমবারের নোটিশে বস্তিবাসীরা কোন কর্ণপাত করেননি ।এরপর দ্বিতীয়বার তাদের নোটিশ ধরানো হয় ।বাসস্থান ছাড়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইক যোগে প্রচার চালানো হয়। বলা হয়, স্ব ইচ্ছায় বাসস্থান না ছাড়লে পরে সোমবার থেকে প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান শুরু করা হবে ।এই ঘটনায় কাটাখালের চরে অবৈধভাবে বসবাসকারী বস্তিবাসীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় ।সংশ্লিষ্ট বাসিন্দারা রবিবার পুনর্বাসনের দাবিতে ইন্দ্রনগর ব্রিজের উপর আগরতলা জিবি সড়ক অবরোধে সামিল হন। এলাকাবাসীর দাবি, বাসস্থানের বদলে তাদের বাসস্থান দিতে হবে ।অন্যথায় তারা আরও বৃহত্তর আন্দোলন সংঘটিত করে তুলবেন।

 

এদিন বস্তিবাসীদের এই পথ অবরোধকে কেন্দ্র করে অভয়নগর এলাকায় চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে যায় পূর্ব থানা এবং অভয়নগর ফাঁড়ির পুলিশ।