ঝড় জলে ঘরের উপর প্রকাণ্ড গাছ ভেঙে পড়ে গুরুতর আহত মা এবং ছেলে ।আহতরা হলেন মনিমালা শুক্ল দাস এবং রবি শুক্ল দাস। ঘটনা মঙ্গলবার সকালে উদয়পুর মহকুমার জামজুড়ির মুড়াপাড়া এলাকায়। বর্তমানে গুরুতর আহত অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন মা ও ছেলে।
মঙ্গলবার সকালে শুধু আগরতলা তেই নয়, বিশালগড় ,বিশ্রামগঞ্জ ও উদয়পুর মহকুমাতেও কালবৈশাখী ঝড় আছড়ে পড়ে।ঝড়ের দাপট পরিলক্ষিত হয় উদয়পুরের জামজুড়ি,শালগড়া,কাকড়াবন প্রভৃতি এলাকাতেও।এদিন জামজুড়ির মুড়াপাড়া এলাকায় এক বাড়িতে ঘড়ের উপর প্রকাণ্ড এক শাল গাছ ভেঙে পড়ে । এতে ঘরের ভেতর চাপা পড়ে গুরুতর আহত হন মা এবং ছেলে ।একই ঘরে ছিলেন মা মনিমালা শুক্ল দাস এবং ছেলে রবি শুক্ল দাস ।বিকট শব্দ পেয়ে পাশের ঘর থেকে বড় ভাই বেরিয়ে দেখেন ঘরের উপর শাল গাছ আছড়ে পড়েছে ।ভেতর থেকে মা এবং ভাইয়ের চিৎকার শোনা যাচ্ছে। প্রকাণ্ড শব্দ পেয়ে আশেপাশের বাড়ির লোকজনরাও এগিয়ে আসেন ।তারা ঘর ভেঙে কোনোক্রমে মা ও ছেলেকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় দুজনকেই জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।এদিন জিবি হাসপাতালে গুরুতর আহত মনিমালা দাসের বড় ছেলে এই সংবাদ জানান।
জিবি হাসপাতাল সূত্রে জানা গেছে ,মা এবং ছেলের দুজনের দেহেই গুরুতর আঘাত রয়েছে ।গাছের নিচে চাপা পড়ে রবি শুক্ল দাসের একটি পা ভেঙে যায় ।মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে ।বর্তমানে তারা দুজনেই জিবি হাসপাতালে চিকিৎসাধীন।