নিয়মিতকরণ সহ বিভিন্ন দাবির ভিত্তিতে সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল অঙ্গনওয়াড়ী কর্মী এবং সহায়িকারা ।প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে এদিন রাজধানীতে মিছিল সংঘটিত করে ডেপুটেশন প্রদান করেন তারা।
নিয়মিতকরণ সহ বিভিন্ন দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন সংঘটিত করে চলছে ত্রিপুরা অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকা ঐক্য সমিতি ।তাদের মূল দাবি হলো অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকাদের চাকরি নিয়মিত করা ,পেনশন যথাক্রমে ১০ হাজার এবং ৭ হাজার টাকা করা ।তাদের সরকারি কর্মীর মর্যাদা ও স্বীকৃতি প্রদান করা। সুপ্রিম কোর্টের রায় মেনে গ্র্যাচুইটি প্রদান করা প্রভৃতি। এই দাবিগুলির ভিত্তিতে মঙ্গলবার রাজ্য সরকারের সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে ত্রিপুরা অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকা ঐক্য সমিতি ।এদিন অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকা দের ডেপুটেশন প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। তিনি জানান ,তারা শুধু প্রাক প্রাথমিক শিক্ষা প্রদান করেননা ,পাশাপাশি তারা খাদ্য সুরক্ষা আইনে এবং শিক্ষা অধিকার আইনের আইনি দায়িত্ব পালন করে থাকেন ।এই সমস্ত কাজের জন্য জাতি তাদের কাছে ঋণী ।কিন্তু তারাই সবচেয়ে বঞ্চিত এবং অবহেলিত। সরকার তাদের প্রতি উদাসীন ।এই অবস্থায় তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে তারা আজকে মিছিল করে সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করবেন।তিনি আরো জানান, দপ্তরের অধিকর্তা অঙ্গনওয়াড়ী কর্মী এবং সহায়িকাদের ন্যায্য দাবি গুলি সরকারের গোচরে নিয়ে যাবেন এবং সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ করবেন ।অন্যথায় অঙ্গনওয়াড়ী কর্মী এবং সহায়িকারা রাস্তায় থেকেই আন্দোলনের মাধ্যমে তাদের অধিকার এবং মর্যাদা আদায় করে ছাড়বেন।
এদিন ডেপুটেশন প্রদান কে কেন্দ্র করে ত্রিপুরা অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকা ঐক্য সমিতি রাজধানীতে একটি মিছিল সংঘটিত করে ।মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ।পরে মিছিল থেকে এক প্রতিনিধিদল সমাজ শিক্ষা এবং সমাজ কল্যাণ দপ্তরের অধিকর্তার সাথে দেখা করে তাদের ডেপুটেশন প্রদান করেন।