অবহেলায় ঝুলন্ত তার, আগুনে পুড়ল মালবাহী ট্রাক! রামদুর্লবপুর টি-ইস্টেটে ক্ষতি প্রায় ৪ লক্ষ

Apr 29, 2026

অবহেলায় ঝুলন্ত তার, আগুনে পুড়ল মালবাহী ট্রাক! রামদুর্লবপুর টি-ইস্টেটে ক্ষতি প্রায় ৪ লক্ষ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

কমলপুর শহর লাগোয়া মায়াছড়ি এলাকার রামদুর্লবপুর টি-ইস্টেটে ফের সামনে এল মারাত্মক অব্যবস্থাপনার চিত্র। গতকাল সন্ধ্যায় একটি বড় মালবাহী ট্রাক ফ্যাক্টরির উদ্দেশ্যে যাওয়ার পথে ফুলছড়ি থেকে মায়াছড়ি পর্যন্ত রাস্তায় ঝুলে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। মুহূর্তেই শর্ট সার্কিট হয়ে ট্রাকে আগুন ধরে যায়।

দেখতে দেখতে ট্রাকে থাকা মালামালে আগুন ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। প্রাথমিকভাবে জানা গেছে, এই ঘটনায় প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে টি-ইস্টেট কর্তৃপক্ষের।

খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় ধরে আগুন নেভানোর কাজ চালায়। অবশেষে রাত প্রায় ১টা ৩০ মিনিট নাগাদ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

টি-ইস্টেট কর্তৃপক্ষের দাবি, নতুন রাস্তা নির্মাণের ফলে রাস্তার উচ্চতা বেড়ে যাওয়ায় বহুদিন ধরেই ঝুলন্ত বৈদ্যুতিক তারের সমস্যা দেখা দিচ্ছে। প্রায় ২ মাস আগে সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এই অবহেলার জেরেই এমন বিপজ্জনক ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।
 

বিভাগ