বিব্রতকর রেকর্ডে নয়্যারের নাম

Apr 29, 2026

বিব্রতকর রেকর্ডে নয়্যারের নাম

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুই লেগ মিলিয়ে অ্যাগ্রিগেটে ৬–৪ ব্যবধানে পরবর্তী রাউন্ডে উঠে যায়। তখন দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় আসেন বায়ার্নের অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার।তবে সেমিফাইনালের প্রথম লেগে প্যারিসের মাঠে পিএসজির বিপক্ষে গিয়ে কঠিন এক রাত কাটাতে হয় তার। বায়ার্ন ৪–৫ ব্যবধানে হেরে যায় ম্যাচটি, আর নয়্যার একটি অস্বাভাবিক ও লজ্জাজনক পরিসংখ্যানের অংশ হন—তিনি পুরো ম্যাচে কোনো সেভই করতে পারেননি, অর্থাৎ প্রতিপক্ষের অন-টার্গেট সব শটই গোল হয়ে যায়।২০১০ সাল থেকে চ্যাম্পিয়ন্স লিগ নকআউট পর্বের বিস্তারিত পরিসংখ্যান সংরক্ষণ শুরু হওয়ার পর এই ধরনের ঘটনা এবারই প্রথম দেখা গেছে, যেখানে কোনো গোলরক্ষক অন্তত পাঁচ গোল হজম করে একটি শটও আটকাতে পারেননি।ম্যাচ শেষে নয়্যার স্বীকার করেন যে, কিছু গোল প্রতিহত করা খুবই কঠিন ছিল, যদিও কয়েকটি ক্ষেত্রে তিনি খুব কাছাকাছি পৌঁছেছিলেন। তিনি আরও জানান, কিছু ক্ষেত্রে ভাগ্যেরও প্রভাব ছিল, যেমন পোস্টে লেগে যাওয়া শট বা ডিফেন্সের ক্লিয়ারেন্স।পিএসজির আক্রমণভাগের দ্রুতগতির খেলা ও পরিকল্পিত আক্রমণের কারণে বায়ার্নের রক্ষণভাগ বারবার চাপে পড়ে বলে মন্তব্য করেন নয়্যার। তিনি বলেন, পাঁচ গোল হজম করলে শুধু গোলরক্ষক নয়, পুরো দলই চাপের মধ্যে থাকে।তবুও দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর আশা প্রকাশ করেন এই জার্মান গোলরক্ষক। আগামী ৬ মে ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ফিরতি লেগে আরও ভালো রক্ষণ ও আক্রমণ নিয়ে ম্যাচে ফিরতে চায় বায়ার্ন মিউনিখ, এমনটা জানান তিনি।