আলোচনা টেলিফোনেই হচ্ছে, ১৮ ঘণ্টার সফর ‘অযৌক্তিক’: ট্রাম্প

Apr 30, 2026

আলোচনা টেলিফোনেই হচ্ছে, ১৮ ঘণ্টার সফর ‘অযৌক্তিক’: ট্রাম্প

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান আলোচনা এখন টেলিফোনের মাধ্যমেই হচ্ছে।  স্থানীয় সময় বুধবার (২৯ এপ্রিল) হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা এখন তাদের সঙ্গে কথা বলছি এবং একটি কাগজপত্র দেখার জন্য প্রতি বার ১৮ ঘণ্টা উড়াল দিয়ে আর যাচ্ছি না। আমরা টেলিফোনেই আলোচনা করছি।’গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠক হলেও যুদ্ধ বন্ধে কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। এর আগে ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, পরে ট্রাম্প অনির্দিষ্টকালের জন্য এর মেয়াদ বৃদ্ধি করেন। একই কারণে এই সপ্তাহান্তে ইসলামাবাদে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের নির্ধারিত সফরও বাতিল করা হয়।তবে ট্রাম্প স্বীকার করেছেন, তিনি সাধারণত মুখোমুখি বৈঠককেই বেশি কার্যকর মনে করেন।তিনি বলেন, ‘আমি সবসময়ই সামনাসামনি বৈঠক পছন্দ করি, এটাকে আমি ভালো মনে করি। কিন্তু যখন প্রতিবার বৈঠকের জন্য ১৮ ঘণ্টা উড়তে হয়, আর আপনি জানেন বৈঠকের বিষয়বস্তু কী—তখন সেটা অযৌক্তিক।’ ট্রাম্প আরও পুনর্ব্যক্ত করেন, ‘যেকোনো চুক্তি তখনই সম্ভব হবে, যখন ইরান পুরোপুরি তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিত্যাগ করবে।’