টানা তিন ’দিনের কালবৈশাখী ঝড় ও মুষলধারা বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে কমলপুর মহকুমার জনজীবন। আজ সকাল থেকেই মহকুমার বিভিন্ন এলাকা জলমগ্ন অবস্থায় পরিলক্ষিত হয়েছে। কমলপুর শহর সংলগ্ন মলয়া মাঠসহ বিস্তীর্ণ কৃষিজমি সম্পূর্ণভাবে জলের তলায় তলিয়ে গেছে, ফলে চাষিদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।
এদিকে মহকুমা লাগোয়া ধলাই নদীর জলস্তরও দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যা নতুন করে বন্যার আশঙ্কা তৈরি করছে। বিভিন্ন জায়গায় রাস্তার ধারে ও বাড়ির পাশে বড় বড় গাছ উপড়ে পড়ে যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়েছে।
দু’দিনের একটানা বৃষ্টিতে শুধু কমলপুর নয়, গোটা রাজ্য জুড়েই জনজীবন কার্যত স্তব্ধ হয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের তরফে নজরদারি চালানো হচ্ছে, তবে আবহাওয়া স্বাভাবিক না হলে দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।