নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ দীর্ঘ তিন সপ্তাহের চিকিৎসা শেষে বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি পুনর্বাসন কেন্দ্র (রিহ্যাব) থেকে ছাড়া পেয়েছেন পপ কুইন ব্রিটনি স্পিয়ার্স। সম্প্রতি মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ এবং নানা ব্যক্তিগত টানাপোড়েনের পর ৪৪ বছর বয়সী এই তারকা এখন সুস্থ জীবনে ফিরতে মরিয়া বলে জানা গেছে।সূত্রমতে, ৪৪ বছর বয়সী এই গায়িকা বর্তমানে বেশ ‘ইতিবাচক মানসিকতায়’ রয়েছেন। রিহ্যাব থেকে ফেরার পর তিনি নিজের জীবনকে নতুন করে গুছিয়ে নেওয়ার দিকে মনোনিবেশ করেছেন। গায়িকার ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, ব্রিটনি এখন আগের চেয়ে অনেক ভালো বোধ করছেন এবং ভবিষ্যতের ব্যাপারে তিনি বেশ আশাবাদী। নিয়মিত কাউন্সিলিং সেশনের পাশাপাশি ব্যক্তিগত উন্নতির জন্য তিনি বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন।এ মুহূর্তে ব্রিটনির কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার হলো তার দুই সন্তান— শন প্রেস্টন এবং জাইডেন জেমস। সাবেক স্বামী কেভিন ফেডারলাইনের সঙ্গে থাকা সন্তানদের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন করা তার মানসিক সুস্থতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সন্তানদের কথা চিন্তা করেই তিনি নিজের জীবনযাত্রায় আমূল পরিবর্তন আনছেন বলে জানা যায়।