আগরতলার জ্যাকসন গেট সংলগ্ন নবনির্মিত সিভিল হাসপাতাল পরিদর্শন করে শীঘ্রই জনসাধারণের জন্য হাসপাতালটি চালু করার আশ্বাস দিলেন মেয়র দীপক মজুমদার। পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, হাসপাতালের কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। আগরতলা পুরনিগমের লক্ষ্য, যত দ্রুত সম্ভব এই আধুনিক স্বাস্থ্যকেন্দ্রটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া। তিনি বলেন, “আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন চাইছে এই হাসপাতালটি খুব শীঘ্রই জনগণের জন্য চালু করতে।”
নতুন এই সিভিল হাসপাতালটি ৫০ শয্যার একটি আধুনিক স্বাস্থ্যকেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে, যা বর্তমানে অতিরিক্ত রোগীর চাপে থাকা জিবি হাসপাতাল এবং আইজিএম হাসপাতালের উপর চাপ অনেকটাই কমাবে বলে আশা করা হচ্ছে। হাসপাতালে একাধিক বিশেষজ্ঞ বিভাগ নিয়ে আউটডোর পরিষেবা (ওপিডি), ছোটখাটো অস্ত্রোপচারের জন্য মাইনর অপারেশন থিয়েটার, সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বর্ধিত পরিষেবা সময়, লিফটসহ আধুনিক পরিকাঠামো এবং রোগীবান্ধব বিভিন্ন সুবিধা থাকবে। প্রকল্পটি মুম্বইয়ের মতো শহরে সফলভাবে পরিচালিত পুরনিগম পরিচালিত হাসপাতালের মডেল অনুসরণে গড়ে তোলা হয়েছে। আগরতলা পুরনিগমই সরাসরি এই হাসপাতালের পরিচালনার দায়িত্বে থাকবে। মেয়র আরও জানান, রাজ্য সরকারের বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবেই এই সিভিল হাসপাতাল নির্মাণ করা হয়েছে, যার লক্ষ্য শহরের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা।
এদিন পরিদর্শনের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর রত্না দত্ত, আগরতলা পুরনিগমের অতিরিক্ত কমিশনার মিহির ঘোষ এবং হাসপাতালের শীর্ষ আধিকারিকরা। তাঁরা হাসপাতাল চালুর প্রস্তুতি নিয়ে মেয়রকে বিস্তারিত অবহিত করেন।