ধর্মনগরে নিহত যুবনেতার বাড়িতে যুব মোর্চার প্রদেশ সভাপতির উপস্থিতি, পরিবারকে সমবেদনা ও ন্যায়বিচারের আশ্বাস

May 07, 2026

ধর্মনগরে নিহত যুবনেতার বাড়িতে যুব মোর্চার প্রদেশ সভাপতির উপস্থিতি, পরিবারকে সমবেদনা ও ন্যায়বিচারের আশ্বাস

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

উত্তর ত্রিপুরার ধর্মনগরে বিজেপি যুব মোর্চার মণ্ডল সভাপতি তথা কাউন্সিলর রাহুল কিশোর রায়ের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা এখনও অব্যাহত। এই প্রেক্ষাপটে বুধবার তাঁর বাড়িতে যান যুব মোর্চার প্রদেশ সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব।পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। শোকাহত পরিবারকে সান্ত্বনা জানানোর পাশাপাশি ঘটনাটির সঠিক তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির দাবি তোলেন।উল্লেখ্য, রাহুল কিশোর রায়ের আকস্মিক মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীও এই ঘটনায় শোক প্রকাশ করে নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। সুশান্ত দেব বলেন, এই ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং দল একজন নিষ্ঠাবান কর্মীকে হারিয়েছে। তিনি স্পষ্টভাবে জানান, “সত্য উদঘাটন হওয়া জরুরি, এবং যারা দায়ী তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।” তিনি আরও বলেন, দলের পক্ষ থেকে মৃত যুবনেতার পরিবারের পাশে সবসময় থাকা হবে এবং প্রয়োজনে সব ধরনের সহযোগিতা করা হবে।এই ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে রাজনৈতিক উত্তেজনা এখনও তীব্র রয়েছে এবং বিভিন্ন মহল থেকে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জোরালো হচ্ছে।