নেশা কারবারের মতোই রাজধানীতে ছিনতাই কাণ্ডেও জড়িয়ে পড়ছে মহিলারা ।রাজধানীর ইন্দ্রনগর থেকে এক মহিলার স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় এনসিসি থানার পুলিশ এক মহিলা ও দুই পুরুষ সহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ।ছিনতাই করে পালানোর সময় ব্যবহৃত অটোর তল্লাশি চালিয়েই এনসিসি থানার পুলিশ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ।এনসিসি থানার এসডিপিও সুব্রত বর্মন এই সংবাদ জানিয়েছেন।
রাজধানীতে নেশা কারবারে জড়িয়ে রয়েছে মহীলারা। নেশা কারবারের সাথে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি রাজধানীর পূর্ব এবং পশ্চিম থানার জালে ধরা পড়েছে একাধিক মহিলা। কিন্তু কেবলমাত্র নেশা কারবারের সাথেই নয়, স্বর্ণালংকার ছিনতাইয়ের কাজেও জড়িয়ে পড়েছে মহিলারা ।সম্প্রতি রাজধানীর ইন্দ্রনগর এলাকা থেকে এক মহিলার স্বর্ণের হার ছিন্তাইয়ের ঘটনায় তদন্তে নেমে এনসিসি থানার পুলিশ দুই যুবক ও এক মহিলা ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। ইন্দ্রনগর এলাকায় ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে গত ২৯ এপ্রিল। সেদিন দুপুরের দিকে ইন্দ্রনগর এলাকায় দীর্ঘক্ষণ ধরে রাস্তার কিনারিয় অপেক্ষা করছিল দুই যুবক ও এক যুবতী । সেই সময় এক মহিলা তাদের পাশ দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন ।তখন মহিলার সাথে আলাপ জমায় যুবতীটি ।এরই মধ্যে এক যুবক মহিলার গলা থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। তারা দ্রুত সামনে দাঁড়ানো একটি অটোয় করে ঘটনাস্থল থেকে কেটে পড়ে। কিন্তু পালানোর সময় অটোর নাম্বার দেখে ফেলেন মহিলা ।অটোর নাম্বারটি ছিল TR-01-M-9309। মহিলা অটোর নম্বর সহ বিষয়টি এনসিসি থানায় জানান ।অভিযোগ পেয়ে এনসিসি থানার ওসি ঘটনার তদন্তের দায়িত্ব দেন অভয়নগর আউট পোস্টের ওসি জয়নাল হোসেনকে। অভয়নগর আউটপোস্টের ওসি জয়নাল হোসেন অটো গাড়ির নম্বরের সূত্র ধরে প্রথমে গাড়িটি আটক করেন। পরে গাড়ির চালককে জিজ্ঞাসাবাদেল ভিত্তিতে ছিনতাই কাণ্ডে জড়িত তিন অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে ।ধৃত অভিযুক্তরা হলো রামু চক্রবর্তী, বাড়ি এডি নগর এলাকায় ।শুভমিতা দে, বাড়ি 79 টিলা এলাকায় এবং গৌড় সাহা বাড়ি পূর্ব চানমারি এলাকায়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ ছিনতাই হওয়া স্বর্ণালংকারটি রাজধানীর একটি জুয়েলারি দোকান থেকে উদ্ধার করে ।ধৃত অভিযুক্তরা স্বর্ণের চেনটি সংশ্লিষ্ট জুয়েলারি দোকানে বিক্রি করেছিল ।বুধবার এনসিসি থানার এসডিপিও সুব্রত বর্মন এই সংবাদ জানান ।তিনি জানান, মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয় ।যেই অটোয় করে তারা পালিয়ে গিয়েছিল সেই অটোটিকেও আটক করা হয় ।ধৃত অভিযুক্তরা কোন ছিনতাই চক্রের সাথে জড়িত রয়েছে কিনা তা খুঁজে বের করতে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে বুধবার তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি ।
এদিন এনসিসি থানার এসডিপিও আরো জানান ছিনতাই করা স্বর্ণালংকারটির আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা। অটোর চালক এই ছিন্তাই কান্ডের সাথে যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এসডিপিও সুব্রত বর্মন ।