সীমিত আর্থিক ক্ষমতার মধ্যেই স্বচ্ছতা বজায় রেখে উন্নয়নের কাজ করে যাবেন তিনি। সিইএম হিসেবে শপথ নিয়ে এই কথা জানান মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা ।তিনি আরো জানান ,এডিসিতে ধীরে ধীরে ককবরক ভাষার রোমান হরফ চালু করা হবে।
তারুণ্যের যুগ শুরু হলো এডিসি প্রশাসনে । বুধবার খুমুলুঙের নুয়াই অডিটোরিয়ামে সি ই এম হিসেবে শপথ গ্রহণ করেন ১৪ বোধজং নগর ওয়াক্কিনগর নির্বাচনী কেন্দ্র থেকে রেকর্ড ভোটে জয়ী হয়ে আসা তিপ্রা মথার তরুণ নেতা রুনিয়েল দেববর্মা ।বুধবার একই অনুষ্ঠানে এডিসির নতুন চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন ভব রঞ্জন রিয়াং। একমাত্র এমডিসি হিসেবে শপথ গ্রহণ করেন সি কে জমাতিয়া। তাদের শপথ বাক্য পাঠ করান রাজ্য সরকারের আইন সচিব শংকরী দাস।
এদিন শপথ গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এডিসির নবনিযুক্ত মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা বলেন ,তিনি এডিসির সিইএম হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন ।স্বচ্ছতা বজায় রেখে এ ডি সি এলাকার সার্বিক উন্নয়নে তিনি কাজ করে যাবেন ।তিনি আরো জানান ,সীমিত আর্থিক ক্ষমতার মধ্যেই তিনি উন্নয়নমূলক কাজ করবেন। এডিসির আর্থিক ক্ষমতা বৃদ্ধির জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ভারত সরকারের নিকট দাবি জানাবেন তিনি।
নবনিযুক্ত মুখ্য কার্যনির্বাহী সদস্য আরো জানান, ককবরক ভাষার বিকাশে সর্বাধিক প্রাধান্য দেওয়া হবে। আজ ককবরক ভাষায় শপথ গ্রহণ করা হয়েছে। এডিসিতে ধীরে ধীরে ককবরক ভাষার রোমান হরফ চালু করা হবে বলেও জানান সি ই এম রুনিয়েল দেববর্মা।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সিইএম জানান, বর্তমান এডিসিতে বিজেপির চারজন সদস্য নির্বাচিত হয়েছেন ।তারা এখনো এমডিসি হিসেবে শপথ গ্রহণ করেননি ।বিজেপির নির্বাচিত সদস্য সদস্যাদের অবিলম্বে এমডিসি হিসেবে শপথ গ্রহণের জন্য আহ্বান জানান তিনি।