উত্তর জেলার ধর্মনগরের বিজেপি যুব মোর্চার মণ্ডল সভাপতি তথা ধর্মনগর পুরপরিষদের ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর রাহুল কিশোর রায়ের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে এখনও শোক ও চাঞ্চল্যের আবহ বিরাজ করছে। বৃহস্পতিবার সকালে ধর্মনগরের নবনির্বাচিত বিধায়ক জহর চক্রবর্তী রাহুল কিশোর রায়ের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি উত্তর জেলার সভাপতি কাজল দাস, কাউন্সিলর নবনিতা আচার্য সহ একাধিক স্থানীয় বিজেপি নেতৃত্ব। পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে তাঁদের সমবেদনা জানান বিধায়ক জহর চক্রবর্তী। পাশাপাশি পরিবারের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন এবং মানসিকভাবে পাশে থাকার আশ্বাস দেন।পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জহর চক্রবর্তী বলেন, রাহুল কিশোর রায়ের মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা। এই ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রশাসনকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।তিনি আরও বলেন, “রাহুল কিশোর রায় দলের এক সক্রিয় ও জনপ্রিয় কর্মী ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে শুধু পরিবার নয়, গোটা সংগঠন বড় ক্ষতির সম্মুখীন হয়েছে। বিজেপি দল এই শোকাহত পরিবারের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও সবরকম সাহায্য ও সহযোগিতা করবে।”ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের একাংশও ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দ্রুত দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। অন্যদিকে রাহুল কিশোর রায়ের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রশাসনের ভূমিকার দিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের।