আমবাসায় ডঃ বি আর আম্বেদকরের ১৩৬-তম জন্মজয়ন্তী উদযাপিত

May 08, 2026

আমবাসায় ডঃ বি আর আম্বেদকরের ১৩৬-তম জন্মজয়ন্তী উদযাপিত

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

ভারত রত্ন ডঃ বি আর আম্বেদকরের ১৩৬-তম জন্মজয়ন্তী উপলক্ষে ধলাই জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ জেলা ভিত্তিক আলোচনা সভা ও অনুষ্ঠান আয়োজিত হয়েছে। আজ আমবাসা স্থিত পিআরটিআই (PRTI) কনফারেন্স হলে জেলা কল্যাণ দপ্তরের   ব্যবস্থাপনায় এই শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন আমবাসা পুর পরিষদের চেয়ারপার্সন প্রতিমা মালাকার। আধুনিক ভারতের রূপকার এবং সংবিধানের প্রণেতা ডঃ আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে ডঃ আম্বেদকরের আদর্শ, সমাজ সংস্কার এবং দেশের সংবিধানে তাঁর অবিস্মরণীয় অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

​ধলাই জেলার অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তা পার্থ দাস , ধলাই জেলার ডিইও (DEO) শ্রী মধুসূদন দেববর্মাজেলা কল্যাণ আধিকারিক প্রবীর দেববর্মা।

জেলা প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি অত্যন্ত মর্যাদার সাথে সম্পন্ন হয়। উপস্থিত বক্তারা বর্তমান প্রজন্মের কাছে ডঃ আম্বেদকরের সাম্য ও ন্যায়ের আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

 এদিন ডঃ বি আর আম্বেদকরের জন্ম জয়ন্তী উপলক্ষে আয়োজিত অংকন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিগণ।

অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।