ধর্মনগরের বিধায়ক হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সাংবাদিক সম্মেলনেই কড়া বার্তা দিলেন জহর চক্রবর্তী। রাহুল কিশোর রায়ের মৃত্যুকাণ্ড প্রসঙ্গে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “রাহুলের মৃত্যুর সঙ্গে জড়িত দোষীরা কোনওভাবেই রেহাই পাবে না।”
তিনি দাবি করেন, এই ঘটনাকে কেন্দ্র করে একটি মহল বিজেপির নাম ভাঙিয়ে অপপ্রচার চালানোর চেষ্টা করছে। বিধায়কের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে এবং দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে।
সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন, উন্নয়নই তাঁর মূল লক্ষ্য। ধর্মনগরের সার্বিক উন্নয়ন, নাগরিক পরিষেবা ও মানুষের আস্থা ফিরিয়ে আনার কাজেই তিনি অগ্রাধিকার দিতে চান। একই সঙ্গে তিনি জানান, আইন নিজের পথে চলবে এবং তদন্তে যারা দোষী প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রাহুল কিশোর রায়ের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই আবহেই বিধায়কের বক্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এদিনের এই সাংবাদিক সম্মেলনে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি দলের জেলা সভাপতি কাজল দাস, ধর্মনগর মন্ডল সভাপতি শ্যামল নাথ সহ অন্যান্য।