পুলিশের চোখে ধুলো দিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে চাকরির দাবিতে আন্দোলনকারীদের ধরনা

May 09, 2026

পুলিশের চোখে ধুলো দিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে চাকরির দাবিতে আন্দোলনকারীদের ধরনা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

অবিলম্বে নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধরনায় বসলো অগ্নি নির্বাপক দপ্তরের কর্ম প্রার্থীরা। হঠাৎ করে জঙ্গি মিছিল করে তারা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এসে রাস্তায় বসে পড়েন ।পরে পুলিশ তাদের চ্যাং দোলা করে গাড়িতে তুলে অন্যক্ত সরিয়ে নিয়ে যায়। পুলিশ এবং গোয়েন্দা পুলিশকে ফাঁকি দিয়ে কিভাবে কর্মপ্রার্থীরা মুখ্যমন্ত্রী বাড়ির সামনে এই ঘটনা ঘটাতে পারল তা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে।

 

রাজ্য সরকারের অগ্নি নির্বাপক দপ্তরের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ কর্মপ্রার্থীরা অবিলম্বে নিয়োগের দাবিতে শুক্রবার মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে ধর্ণা সংগঠিত করল। এদিন কর্ম প্রার্থীরা হঠাৎ করে মিছিল সংঘটিত করে রাজধানীর লক্ষ্মীনারায়ণবাড়ী রোড স্থিত মুখ্যমন্ত্রীর বাসভবনের  সামনে চলে আসে ।সেখানে তারা রাস্তায় বসে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানাতে থাকে। বিষয়টিকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে রীতিমতো হইচই পড়ে যায়। ঘটনাস্থলে ছুটে আসে পূর্ব থানার পুলিশ এবং সদর মহকুমা পুলিশ আধিকারিক ডিপি রায় ।তারা দফায় দফায় আন্দোলনকারীদের সাথে কথা বলেন। আন্দোলনকারীদের রাস্তা মুক্ত করার আহ্বান জানান। এর মধ্যেই আন্দোলনকারীরা জানান, চার বছর আগে তারা অগ্নি নির্বাপক দপ্তরের বিভিন্ন পদে লিখিত পরীক্ষা দিয়েছিলেন।পরিক্ষায় উত্তীর্ণ হন তারা ।কিন্তু এক অজ্ঞাত কারনে সেই পরীক্ষা বাতিল হয়ে যায়।এরপর আবার পরীক্ষা নেওয়া হয়। এখন ইন্টারভিউ ও মৌখিক পরীক্ষা বাকি।তাই কবে ইন্টারভিউ ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে তা জানতে চাই আমরা।

 

এই ঘটনায় লক্ষীনারায়ণ বাড়ি রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।   পরে পুলিশ আন্দোলনকারীদের এক প্রকার চ্যাংদোলা করে গাড়িতে তুলে অন্যত্র নিয়ে যায়। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে জেড ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থা ও গোয়েন্দা পুলিশ সক্রিয় থাকতেও কিভাবে আন্দোলনকারীরা মিছিল করে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এই ধরনের ঘটনা ঘটাতে পাড়ল তা নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন উঠতে শুরু করেছে।

বিভাগ

সর্বশেষ খবর