পশ্চিম থানার সাফল্য, উদ্ধার ৩৫ হারানো-চুরি যাওয়া মোবাইল

May 11, 2026

পশ্চিম থানার সাফল্য, উদ্ধার ৩৫ হারানো-চুরি যাওয়া মোবাইল

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারে ধারাবাহিক সাফল্য দেখিয়ে চলেছে ত্রিপুরা পুলিশ। আধুনিক প্রযুক্তি এবং মানব গোয়েন্দা তথ্যের সমন্বয়ে অভিযোগ দায়েরের অল্প সময়ের মধ্যেই বহু মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিতে সক্ষম হচ্ছে পুলিশ।

রবিবার আগরতলার পশ্চিম থানায় এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধার হওয়া মোট ৩৫টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। উদ্ধার হওয়া মোবাইলগুলোর মধ্যে ছিল আইফোনসহ বিভিন্ন নামী সংস্থার দামি স্মার্টফোন।পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জী জানান,  পুলিশ সিইআইআর (CEIR) পোর্টালের মাধ্যমে মোবাইল ফোনগুলোর অবস্থান ট্র্যাক করে এবং পাশাপাশি হিউম্যান ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে এই সাফল্য অর্জন করেছে। অভিযোগ দায়েরের প্রায় এক মাসের মধ্যেই অধিকাংশ মোবাইল উদ্ধার সম্ভব হয়েছে বলে তিনি জানান।

নিজেদের হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি মোবাইলের মালিকরা। পুলিশের এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে আস্থা আরও বেড়েছে।তবে মোবাইল উদ্ধারের এই সাফল্যের মাঝেও একটি প্রশ্ন থেকেই যাচ্ছে। মোবাইলগুলো উদ্ধার হলেও বেশিরভাগ ক্ষেত্রেই চুরির সঙ্গে জড়িত অভিযুক্তদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। ফলে কীভাবে মোবাইলগুলো বিভিন্ন হাতে ঘুরে উদ্ধার হচ্ছে, তা নিয়ে জনমনে কৌতূহল তৈরি হয়েছে। তবুও দ্রুত সময়ে হারানো সম্পদ ফিরিয়ে দেওয়ার জন্য ত্রিপুরা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।

বিভাগ